বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ক্ষমতাসীনদের দুর্নীতি ও লুটপাটের টাকা বিভিন্নভাবে বিদেশে পাচার হচ্ছে। তিনি বলেন, দেশে লুটপাট চলছে। বিদেশে টাকা পাচার হচ্ছে। সুইস ব্যাংকে টাকা বাড়ছে। যাঁরা ক্ষমতায় আছেন, এই টাকা তাঁদের। কিন্তু তাঁরা এটা ভোগ করতে পারবেন না।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন।
ব্রাজিল থেকে গম আমদানির কথা উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, যে গম গরুরও খাদ্য হতে পারে না, সরকার মানুষকে সে বিষাক্ত গম খাইয়ে মারতে চায়। এর মাধ্যমে কোটি কোটি টাকা বানিয়ে বিদেশে পাচার করেছে। মানি লন্ডারিংয়ে তো তাদের (সরকার) লোকেরা জড়িত। অথচ তাদের ধরা হয় না।
খালেদা জিয়া বলেন, দেশে অত্যাচার, জুলুম, গুম, খুন চলছে। বাংলাদেশ গণতান্ত্রিক নয়, পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। সরকার টিকে আছে পুলিশের জোরে। যার কারণে সরকার তাদের কথা শুনতে বাধ্য হচ্ছে। তাই পুলিশ এখন বেপরোয়া ও ‘ফ্রি হ্যান্ড’ হয়ে গেছে। মনে হচ্ছে তারাই দেশ চালাচ্ছে।
খালেদা জিয়া ক্ষমতাসীনদের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন ও গুম-খুনের অভিযোগ করে বলেন, ‘আল্লাহ সব দেখছেন, জানছেন। রমজানে আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই জুলুমবাজ, অত্যাচারী, চোর-বেইমানদের এমন কঠিন শাস্তি দেন, যার পরিণতি হবে করুণ ও ভয়াবহ।’
খালেদা জিয়া এ দুরবস্থা থেকে দেশকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘জনগণকে বলব শুধু আমাদের দিকে তাকিয়ে নয়, দেশকে রক্ষা করতে হলে আপনাদেরও যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।’ তিনি বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে চলছে না বলে অভিযোগ করেন।
ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ, খেলাফত মজলিসের আমির মুহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানিসহ শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।