যাদের গণতন্ত্র হুমকির মুখে তারা অন্যকে সবক দেওয়ার অধিকার রাখে কি না, প্রশ্ন তথ্যমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: বাসস

যাদের দেশে গণতন্ত্র হুমকির সম্মুখীন তারা অন্য দেশকে সবক দেওয়ার অধিকার রাখে কি না, প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, ‘যাদের দেশে নির্বাচনের ফলাফলকে ভন্ডুল করার জন্য সংসদে হামলা হয়, সেখানে ঘেরাও করে পুলিশ অফিসারসহ কয়েকজনকে হত্যা করা হয়, তাদের স্পিকারের চেয়ারে বসে ছবি তোলা হয়। যাদের দেশে এই ধরনের ঘটনায় গণতন্ত্র হুমকির সম্মুখীন তারা অন্য দেশকে গণতন্ত্রের সবক দেওয়ার অধিকার রাখে কি না, সেই প্রশ্ন আসতেই পারে।’

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহর পরিচালনায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ মঈনুদ্দিন, আবুল কালাম আজাদ, আবুল কাশেম চিশতি, এ টি এম পিয়ারুল ইসলাম প্রমুখ।

হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রে কদিন আগে গণতন্ত্র সম্মেলন হয়েছে। সম্মেলনে পাকিস্তানসহ অনেককে দাওয়াত করা হলো, কিন্তু যুক্তরাষ্ট্রের গণতন্ত্রও আজ হুমকির সম্মুখীন। কারণ, যুক্তরাষ্ট্রের সংসদে যেভাবে হামলা ও কয়েকজনকে হত্যা করা হয়েছিল, এমন ঘটনা কখনো বাংলাদেশে হয়নি।

হাছান বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, তাদের সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনেও তাদের সাথে আমাদের সহযোগিতা রয়েছে। তাই আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাব, যারা এ দেশের স্বাধীনতা চায়নি, এ দেশের উন্নয়ন–সমৃদ্ধি নিয়ে ঈর্ষান্বিত, তাদের কথায় যেন তারা প্রভাবিত ও বিভ্রান্ত না হয়। সেটিই থাকবে আমাদের স্বাধীনতার পঞ্চাশ বছরে এসে মুজিব বর্ষে আমাদের প্রত্যাশা।’

জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশে অনেক উন্নত রাষ্ট্রের চেয়েও সফলতার সাথে জঙ্গিবাদ ও সন্ত্রাস মোকাবিলা করতে সক্ষম হয়েছি। এ ক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ র‌্যাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকে তাদের কয়েকজনের বিরুদ্ধে যেই নিষেধাজ্ঞা, এটি আসলে জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে, উৎসাহিত করছে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘যেই পাকিস্তান স্বাধীনতা অর্জনের পর বলেছিল, বোকা বাঙালি চলে গেছে, ভালো হয়েছে। আমাদের খাটো করে তারা অহংকার করেছে, পাকিস্তান সংশয়ে ছিল আদৌ বাংলাদেশ টিকে থাকতে পারবে কি না, সেই পাকিস্তান আজ দীর্ঘশ্বাস ফেলে। সব সূচকে পাকিস্তানকে আমরা পেছনে ফেলেছি।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ রচনা করে যাননি, বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করার জন্য চেষ্টা করে গেছেন, কিন্তু তাঁকে সেই সময় দেওয়া হয়নি। তাঁকে যখন হত্যা করা হয়, ১৯৭৪-৭৫ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৯.৫৪ শতাংশ। আজ পর্যন্ত আমরা সেই রেকর্ড ভাঙতে পারিনি। আমরা ৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছি, কিন্তু ৯ শতাংশের বেশি পারিনি। সেই হারে যদি প্রবৃদ্ধি অর্জন অব্যাহত থাকত, স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু যদি আরও কয়েক বছর বেঁচে থাকতেন, তবে ১০–১৫ বছরের মধ্যে বাংলাদেশ হতো একটি উন্নত দেশ।