যানজট-জলাবদ্ধতা থেকে ঢাকাবাসীকে রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসহনীয় যানজট ও জলাবদ্ধতা থেকে ঢাকা মহানগরবাসীকে রক্ষার দাবি করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। গতকাল বুধবার বিকেলে পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে বলা হয়, যানজট ও জলাবদ্ধতায় ঢাকা শহর অচল হয়ে পড়েছে। মানুষ যানজটের অসহনীয় দুর্ভোগে জর্জরিত। ঘণ্টার পর ঘণ্টা তাদের গাড়িতে বসে থাকতে হচ্ছে। ব্যক্তিগত গাড়ি আমদানি বন্ধ না করা এবং যানবাহন চলাচলের কোনো নীতিমালা না থাকায় যানজট তীব্র হচ্ছে।
অন্যদিকে সামান্য বৃষ্টিতেই শহর জলাবদ্ধ হয়ে পড়ে। অপরিকল্পিত পয়োনিষ্কাশনব্যবস্থা ও খালগুলো ভরাট হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। প্রতিবছর জলাবদ্ধতা নিরসনের জন্য কোটি কোটি টাকা খরচ করে লোক দেখানো কাজ করা হয়। তবে প্রকৃতপক্ষে তাতে সুফল পাওয়া যায় না। নবনির্বাচিত মেয়ররা তাঁদের নির্বাচনী প্রচারে ঢাকা শহরের জলাবদ্ধতা ও যানজট নিরসনে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে এখনো তাঁরা কোনো কার্যকর ব্যবস্থা নেননি। নেতারা উন্নয়নের নামে অর্থ লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করা হয়।
সিপিবি ঢাকা কমিটির সভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাজেদুল হক, জাহিদ হোসেন খান, সুকান্ত শফি প্রমুখ। বিজ্ঞপ্তি।