যারা এ দেশকে জঙ্গিরাষ্ট্র প্রমাণ করতে চায়, তারা কিছুটা সফল: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে যারা জঙ্গিরাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায়, তারা গুলশান হামলা ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার মধ্য দিয়ে কিছুটা সফল হয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘এ দুটি ঘটনায় আমরা একটু ব্যাকফুটে (চাপে) আছি।’

সাম্প্রতিক এসব হামলার পরিপ্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথা জানাতে গিয়ে গতকাল মঙ্গলবার বিমানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে বৈঠক করেন। চারপাশে কী হচ্ছে, চোখ-কান খোলা রাখা ও খবর রাখার ব্যাপারে কর্মকর্তাদের সচেতন করার জন্য গতকাল মন্ত্রী এ বৈঠক করেন।

বৈঠক শেষে বেবিচক সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে রাশেদ খান মেনন বলেন, ‘সাম্প্রতিক দুটি হামলার ঘটনা জাতীয় জীবনে বিপর্যয় ডেকে এনেছে। গুলশান হামলার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে উচ্চবিত্তের সন্তান ও মাদ্রাসার ছাত্রদের মধ্যে কম্বিনেশন হয়ে গেছে। অনেক ছেলে হারিয়ে গেছে, আমরা খোঁজ রাখিনি। আমাদের আশপাশে কী ঘটছে, কে কী করছে তার ওপর নজর রাখতে হবে।’

কোনো দেশের নাম উল্লেখ না করে রাশেদ খান মেনন বলেন, যারা বাংলাদেশের সন্ত্রাসবাদ আন্তর্জাতিকীকরণ করতে চায়, গুলশান ও শোলাকিয়ার ঘটনায় তারা কিছুটা সফল হয়েছে। তাদের লক্ষ্য বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা।

কারা বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়—এ প্রশ্নের জবাবে মেনন বলেন, ‘যাদের নিজের দেশে প্রতিদিন গোলাগুলি হচ্ছে। আর আমাদের দেশে এসে খবরদারি করছে। এটা আপনারা বুঝতেই পারেন।’ ওই সব দেশকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে কি না, এ বিষয়ে বিমানমন্ত্রী বলেন, ‘বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না। সব দেশকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে গুলশান হামলার পর আমরা একটু ব্যাকফুটে (চাপে) আছি।’

রাশেদ খান মেনন বলেন, সন্ত্রাসবাদের মতো বিমানবন্দর ও বিমান চলাচলে নিরাপত্তার বিষয়েও বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আন্তর্জাতিক মানদণ্ডে নিরাপত্তার ঘাটতির কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও সর্বশেষ জার্মানি বাংলাদেশ থেকে সরাসরি কার্গো ফ্লাইট চলাচলে যে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা কবে নাগাদ উঠতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, বিষয়টি ওই দেশের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। এ বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।