যারা এখন আন্দোলন করছে, তাদের অন্য কিছু আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ টি ইমাম
এইচ টি ইমাম

কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ‘গতকাল ছাত্রদের প্রতিনিধিদল আমাদের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন। সেখানে একটি সুন্দর সমাধান হয়েছে। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে পর্যালোচনা করে নতুন কিছু করা হবে।’

এইচ টি ইমাম বলেন, এরপরে আর আন্দোলন করার কিছু নেই। যাঁরা এখন আন্দোলন করছেন, তাঁদের এখানে অন্য কিছু আছে।

আজ মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। এইচ টি ইমাম পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, উপাচার্যের বাসভবনে যে হামলা হয়েছে, এটা অত্যন্ত নিকৃষ্ট ঘটনা। অবশ্যই ধিক্কার জানানোর মতো। তিনি বলেন, ‘যুক্তিসংগত আন্দোলন ছাত্ররা করতেই পারেন। এর প্রতি আমাদের কোনো বিরূপ মনোভাব নেই। সরকারের তো একেবারেই নেই। প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ মিটিংয়ে গতকালই বলেছেন এ বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য।’

আওয়ামী লীগের প্রচার উপকমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম বলেন, ‘পাকিস্তান আমলে সব জায়গায় কোটা ছিল। যদি কোটা না থাকত, তখন আমরা সংখ্যাগরিষ্ঠ হয়েও পিছিয়ে পড়ছিলাম। এটি রাখতে হয়। ভারতে কোটাপদ্ধতি চালু আছে। গতকাল ভারতের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানতে পারলাম, ভারতে কোটা ৫১ ভাগ। সেটি তারা বিভিন্নভাবে ভাগ করে থাকেন।’

কোটাব্যবস্থা অবশ্যই পরিবর্তনযোগ্য উল্লেখ করে এইচ টি ইমাম বলেন, ‘পরিবর্তনশীল জগতে আমাদের বিবর্তন হচ্ছে। আমাদের শিক্ষার হার বাড়ছে, মেয়েরা শিক্ষাসহ অনেক ক্ষেত্রে এগিয়েছে। এসব নিয়ে প্রধানমন্ত্রী গতকাল নির্দেশ দিয়েছেন যে কোটাব্যবস্থা পরীক্ষা করে দেখার জন্য।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে হামলায় বিএনপি-জামায়াতের ইন্ধন ছিল।

হাছান মাহমুদ বলেন, আজকে বিএনপির বিবৃতির মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে যে এতে বিএনপি-জামায়াত গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে। এখানে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তিনি বলেন, গ্যাসের লাইন খুলে উপাচার্যের বাসভবনে আগুন ধরিয়ে দিতে চেয়েছিল—এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড। মঙ্গল শোভাযাত্রার কার্যক্রম ব্যাহত করা। যারা মঙ্গল শোভাযাত্রা চায় না, তারাই এগুলো করেছে।

আওয়ামী লীগের মুখপাত্র হাছান মাহমুদ বলেন, ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রচার ও প্রকাশনা উপকমিটির পক্ষ থেকে একটি সেমিনার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার উপকমিটির সদস্য আশরাফ সিদ্দিকী, গিয়াস উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।