যারা চুরি করে জিতেছে তারাই ঢোল পেটাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া l ছবি: ফোকাস বাংলা
ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া l ছবি: ফোকাস বাংলা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সরকারকে উদ্দেশ করে বলেছেন, ভোট চুরি ও ডাকাতি করে পৌরসভা নির্বাচনে যত সিটই নিয়ে যান না কেন, তাতে আনন্দ পাওয়ার কিছু নেই। তিনি বলেন, ‘দেশের জনগণ এ ফল মানে না, অন্য কোনো দলও মানছে না। কেবল যারা চুরি করে জিতে এসেছে, তারা বেশি করে ঢোল পেটাচ্ছে, নানা রকম উচ্চ স্বরে কথা বলছে।’
গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বলেন, অনেক বাধা-বিপত্তি ও বিপদ সত্ত্বেও সাংবাদিকেরা যেসব চিত্র মিডিয়ায় তুলে ধরেছেন, তাতে পরিষ্কার যে নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে পর্যন্ত আপনারা নষ্ট করেছেন। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারকে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছেন। চাকরি যাবে, এই করবে সেই করবে বলে ভয়ভীতি দেখিয়ে তাদের বিজয়ী ঘোষণা করতে হয়েছে। কারণ, তারা অসহায়, অপারগ।’
খালেদা জিয়া বলেন, ‘হাসিনা-রকিব মার্কা নির্বাচন বাংলাদেশে যে চলবে না, সেটা তারা আরেকবার প্রমাণ করে দিল। তারা প্রমাণ করল, তাদের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, হবে না। তাই আমরা রকিব-হাসিনা মার্কা নির্বাচন প্রত্যাখ্যান করেছি।’
সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘এখন যারা জোর করে ক্ষমতায় আছে, তারা কিন্তু নির্বাচিত নয়, স্বঘোষিত। ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এ রকম নির্বাচন তো এর আগে দেখিনি। এটা একটা নতুন ধারা শুরু করেছে তারা। এবারও আমাদের ফেনীতে সবগুলো নিয়ে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফেনীতে কি এতই আকাল পড়েছে বিএনপির নেতা-কর্মীর, যে তারা নমিনেশন সাবমিট করতে পারে না?’
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘যারা এত মানুষ হত্যা, গুম, খুন, পঙ্গু করেছে; এত মা, ভাইবোনের চোখের পানি কখনো বৃথা যাবে না। আগামীতেও নির্বাচন হবে এবং নিরপেক্ষ নির্বাচন হবে। সে নির্বাচনে দেশের মানুষ তাদের পছন্দে ঠিক জায়গায় ভোট দেবে।’
খালেদা জিয়া বলেন, ‘দেশের এখন এমন অবস্থা, গণতন্ত্র তো নেই-ই, স্বৈরতন্ত্রও নয়, রাজতন্ত্র চলছে। এক ব্যক্তির ইচ্ছাই সব। তাকে সালামি দিয়ে সালাম দিয়ে সব করতে হবে।’
অনুষ্ঠানে খালেদা জিয়া ছাত্রদলের কমিটি গঠনে ‘জট’ সৃষ্টি হয়েছে উল্লেখ করে নতুন কমিটি ঘোষণার আভাস দেন। তিনি বলেন, কেউ যদি ছাত্রদলে জায়গা না পায়, তাকে অন্য আরও জায়গা আছে, সেখানে দেওয়া হবে। যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে। তিনি ছাত্রদলকে সুশৃঙ্খল ও জ্যেষ্ঠদের সম্মান জানানোর শিক্ষা নেওয়ার আহ্বান জানান।
ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্রদলের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।