যারা ধরা পড়েছে, তারা সরকারের পক্ষের লোক: মোশাররফ
দেশের বিভিন্ন স্থানে মণ্ডপ-মন্দিরে হামলার ঘটনায় ইতিমধ্যে যাঁরা ধরা পড়েছেন, তাঁরা সরকারপক্ষের লোক বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে খন্দকার মোশাররফ এ অভিযোগ করেন। সাম্প্রদায়িক সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য দাবি করেন, ‘আগামী দিনের আন্দোলন-সংগ্রাম থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার নানা ফন্দি আঁটছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করাও তাদের একটি পরিকল্পনা।’
খন্দকার মোশাররফ বলেন, যখন সবাই বর্তমান সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে, তখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশে একটা ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে।
দেশে এখন কেউ নিরাপদ নয় বলে দাবি করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকার দুর্গাপূজায় নিরাপত্তা দিতে পারছে না। জনগণের অধিকার ফিরিয়ে আনতে চাইলে সবার একমাত্র লক্ষ্য হতে হবে এই সরকারকে বিদায় করা।
খন্দকার মোশাররফ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। দামের লাগাম টেনে না ধরে সরকার উল্টো এর পেছনে যারা জড়িত, তাদের উৎসাহিত করছে। এ কারণে প্রতিনিয়ত চাল-ডাল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, করোনার কারণে দেশে গরিবের সংখ্যা বেড়েছে। মধ্যবিত্তরা নিম্নমধ্যবিত্তে পরিণত হয়েছে। মানুষের আয় কমে গেছে। কিন্তু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। এ কারণে আজ অনেক মানুষ অনাহারে থাকে। দুবেলা পেট ভরে খেতে পারছে না। দেশের জনগণের জন্য এই সরকার কোনো দায় নেই।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান মানববন্ধনে সভাপতিত্ব করেন। কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, আজিজুল বারী হেলাল, আব্দুস সালাম, রফিকুল আলম, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।