যারা পোড়াচ্ছে, জনগণ তাদের ভোট দেবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা
বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জনগণকে পুড়িয়ে হত্যা করছে। দেশকে ধ্বংস করছে। তিনি প্রশ্ন তুলে বলেন, জনগণ কীভাবে তাদের সমর্থন করতে অথবা ভোট দিতে পারে?
আজ বুধবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।
খালেদা জিয়াকে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও জঙ্গিবাদের রানি হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, বিএনপি চেয়ারপারসনের একমাত্র কাজ হচ্ছে জনগণকে পুড়িয়ে মারা এবং দেশকে ধ্বংস করা। তিনি বলেন, বিএনপি নেত্রী হরতাল ও অবরোধের নামে জঙ্গিবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশে জঙ্গিবাদী নেত্রীর কোনো স্থান হবে না। তথাকথিত আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, যারা বাংলাদেশের চলমান উন্নয়নের ধারাকে ব্যাহত করছে জনগণ তাদেরকে কিভাবে মেনে নেবে?
শেখ হাসিনা বলেন, ‘আমার প্রশ্ন, বিএনপি-জামায়াত জোট যেখানে লাগামহীন ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, সেখানে দেশের জনগণ কিভাবে এসব দলকে গ্রহণ করবে? এসব দল জনগণকে পুড়িয়ে হত্যা করছে, দেশকে ধ্বংস করছে। জনগণ কিভাবে তাদেরকে সমর্থন করতে অথবা ভোট দিতে পারে?’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নি-সন্ত্রাসী ও জঙ্গিদের কঠোর শাস্তি দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, তাদের কোনো ক্ষমা নেই। তিনি বলেন, ‘যারা মানুষ পুড়িয়ে হত্যা করছে এবং হরতাল ও অবরোধের নামে জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের কোনো ক্ষমা নেই। জঙ্গিদের যেভাবে শাস্তি দেওয়া হয়েছে, আমরা একইভাবে অগ্নি-সন্ত্রাসী ও জঙ্গিদেরও কঠিন শাস্তি দেব ইনশাল্লাহ।’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী অগ্নি-সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে তাঁর দল এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের হত্যাযজ্ঞে অন্যান্য শহীদ এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।