যারা সংসদে নেই, তাদেরও ডাকব: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ষোড়শ সংশোধনীতে সংসদের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকেও ডাকা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় সুরঞ্জিত এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সংসদীয় কমিটির সভাপতি হিসেবে আইনটি আমার কাছে আসবে। যারা সংসদে নেই, আমি তাদেরও ডাকব। তারা তাদের মতামত দিতে পারবে। বিএনপিও চাইলে মতামত দিতে পারবে। সুপ্রিম কোর্ট বার কাউন্সিলকেও ডাকব। তাদের মতামতও নেওয়া হবে। তবে তাদের মতামত গ্রহণ করা হলো, না বর্জন করা হলো—এটা বড় কথা নয়। এই মতামত রেকর্ড করা হবে এবং সংসদীয় কমিটির কাছে থাকবে। শতবর্ষ পরেও কেউ দেখতে চাইলে পাবেন।’
সুরঞ্জিত সেন বলেন, বিচারপতিদের অভিশংসনের জন্য সংবিধান সংশোধন করলেই হবে না। এর জন্য আরেকটি আইন লাগবে।