
নির্বাচনের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করেছে বি চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট। আজ মঙ্গলবার একটি প্রতিনিধিদল নিয়ে ইসির সঙ্গে দেখা করেন এই জোটের মহাসচিব আবদুল মান্নান। পরে মান্নান ব্রিফিং করে তাঁদের মধ্যকার আলোচনার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
জাতীয় ঐক্যফ্রন্ট যেখানে যাচ্ছে, যুক্তফ্রন্টও সেখানে যাচ্ছে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আবদুল মান্নান বলেন, ‘যুক্তফ্রন্ট হচ্ছে মাদার অ্যালায়েন্স, ঐক্যফ্রন্ট হচ্ছে বেবি অ্যালায়েন্স।’
সন্ধ্যার দিকে যুক্তফ্রন্টের ওই সংবাদ ব্রিফিং হয়। ব্রিফিংয়ে আবদুল মান্নান বলেছেন, ইসির সঙ্গে তাঁদের আলোচনার পরিবেশ ছিল সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ। সেখানে তাঁরা নির্বাচন কীভাবে সুষ্ঠু করা যায়, ভোটাররা যাতে নিরাপদে ভোট দিতে পারেন, সেনা মোতায়েন, ইভিএম—এসব বিষয়ে আলোচনা করেছেন।
আবদুল মান্নান বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তাঁদের আশ্বস্ত করেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জাতি যাতে হতাশ না হয়, ইসি সে ব্যবস্থা নেবে। ৮ নভেম্বরই তফসিল ঘোষণা করা হবে।
ব্রিফিংয়ে আবদুল মান্নান বলেন, তাঁরা ইসিকে বলেছেন— নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকলে ভোটকেন্দ্রে তাদের (সেনাবাহিনী) করণীয় কিছু থাকে না। কিন্তু তাদের (সেনাবাহিনী) পুলিশিং দায়িত্ব দেওয়া হলে কিছু করার থাকে। সেনা মোতায়েন হলে জনগণের আস্থা বাড়বে। এর জবাবে ইসির বক্তব্য হলো, সেটা সম্ভব নয়। প্রতি কেন্দ্রে সেনা মোতায়েন সম্ভব নয়। কারণ ভোট কেন্দ্রের সংখ্যা চল্লিশ হাজার।
মান্নান জানান, তাঁরা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিরোধিতা করেছেন। ইভিএম ব্যবহার করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তবে ইসি বলেছে, তারা সীমিত পরিসরে ইভিএম ব্যবহার করবে।
মান্নান বলেন, নির্বাচনের তফসিল যাতে অকারণে না পেছানো হয় ইসির কাছে সে দাবি জানানো হয়েছে। যুক্তফ্রন্টের যুক্তি হলো, নির্বাচন পেছালে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে। আর সাংবিধানিক শূন্যতা তৈরি হলে অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় চলে আসতে পারে।
এ সময় সাংবাদিকেরা যুক্তফ্রন্ট নেতাদের প্রশ্ন করেন, ঐক্যফ্রন্ট তফসিল পেছানোর দাবি করছে, আর আপনারা তার বিরোধিতা করছেন—তাহলে যুক্তফ্রন্ট কি ঐক্যফ্রন্টের উল্টো চলছে না? এমন প্রশ্নের জবাবে মান্নান বলেন, না—যুক্তফ্রন্ট কারও উল্টো বলেনি।
সাংবাদিকদের আরেকটি প্রশ্ন ছিল, ঐক্যফ্রন্ট যেখানে যাচ্ছে যুক্তফ্রন্টও সেখানে যাচ্ছে? এর জবাবে যুক্তফ্রন্টের পক্ষ থেকে বলা হয়, ‘ঐক্যফ্রন্টের জন্ম যুক্তফ্রন্ট থেকে। যুক্তফ্রন্ট হচ্ছে মাদার অ্যালায়েন্স। ঐক্যফ্রন্ট হচ্ছে বেবি অ্যালায়েন্স। যে কারণে তাঁদের বেশ কিছু দাবির সঙ্গে আমাদের দাবির মিল আছে।’
ইসির প্রতি আস্থা আছে কি না? এমন প্রশ্নের জবাবে আবদুল মান্নান বলেন,‘ইসির দৃঢ়তা দেখে আমরা আশ্বস্ত। ইসি চেষ্টা করবে।’