যুক্তরাজ্যকে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রওশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের বাণিজ্যদূত রুশনারা আলী। ছবি: বিরোধীদলীয় নেতার কার্যালয়ের সৌজন্যে
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের বাণিজ্যদূত রুশনারা আলী। ছবি: বিরোধীদলীয় নেতার কার্যালয়ের সৌজন্যে

যুক্তরাজ্যকে বাংলাদেশে অবকাঠামো নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিদ্যুৎ ও জ্বালানি এবং পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
আজ বৃহস্পতিবার দুপুরে বিরোধীদলীয় নেতার সঙ্গে তাঁর বাসভবনে সফররত যুক্তরাজ্যের বাণিজ্যদূত রুশনারা আলীর সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বিরোধীদলীয় নেতা যুক্তরাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ বৃদ্ধির জন্য ব্রিটিশ সাংসদকে অনুরোধ জানিয়ে বলেন, উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর কদর পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এ ব্যাপারে যুক্তরাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে বিরোধীদলীয় নেতা আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকের সময় রুশনারা আলী বলেন, সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হয়েছে। এ ছাড়া বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন রুশনারা আলী।
এক প্রশ্নের জবাবে রুশনারা আলী ব্রেক্সিটের ফলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বাণিজ্য সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন। তিনি বলেন, বাণিজ্য দূত হিসেবে এটি তাঁর প্রথম বাংলাদেশ সফর। আর বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে যুক্তরাজ্যের অঙ্গীকারের নিদর্শনস্বরূপ তাঁর এ সফর বলে তিনি উল্লেখ করেন।

বিরোধীদলীয় নেতা পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজারে পর্যটন শিল্পের উন্নয়নে বিনিয়োগ ও সহায়তা বৃদ্ধির জন্য বাণিজ্যদূতকে অনুরোধ জানালে তিনি এতে গভীর আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম, নূর-ই-হাসনা লিলি চৌধুরী, রওশন আরা মান্নান, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক প্রমুখ।