যুক্তরাজ্যে গেছেন সৈয়দ আশরাফ
জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যুক্তরাজ্য সফরে গেছেন। গতকাল বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন।
মন্ত্রীর দপ্তর সূত্র জানায়, আজ বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে দক্ষিণ এশিয়া ডায়াসপোরা সম্মেলনে যোগ দেবেন তিনি। ২৭ জুন তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সৈয়দ আশরাফের ঘনিষ্ঠ আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা প্রথম আলোকে বলেন, ২৩ জুন ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না-থাকা নিয়ে ভোট অনুষ্ঠিত হবে। গত মাসে জাপানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দ্বিপক্ষীয় বৈঠক হয়। ওই বৈঠকে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিকদের ইইউতে থাকার পক্ষে ভোট দেওয়ার বিষয়ে শেখ হাসিনার সহায়তা চান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে পাঠিয়ে জনমত গঠনে কাজ করার আশ্বাস দেন।
আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, প্রধানমন্ত্রী চার দেশ সফর করে দেশে ফিরে সংবাদ সম্মেলন করার পর সৈয়দ আশরাফের সঙ্গে ডেভিড ক্যামেরনের প্রস্তাব নিয়ে বৈঠক করেন।