
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন থেকে শিক্ষা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে বলব, ক্ষমতা ছাড়ুন। একটু যুক্তরাজ্যের দিকে তাকান এবং শিখুন। আপনারা যেখানে গায়ের জোরে বিনা ভোটে ক্ষমতা দখল করে বসে আছেন, সেখানে যুক্তরাজ্যের নির্বাচিত প্রধানমন্ত্রী গণভোটে হেরে পদত্যাগ করছেন।’
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি সমর্থক কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আওয়ামী লীগ বলে তারা ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি ফলো করে। যদি সেটা করে, তাহলে জনগণের চাওয়া-পাওয়া অনুযায়ী একটি নিরপেক্ষ সরকারের অধীন ক্ষমতা হস্তান্তর করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। সে নির্বাচনে জনগণ যাকে নির্বাচিত করে, তাদের আমরা মেনে নেব। আর আমরা জিতলেও আপনাদের মেনে নিতে হবে।’
কৃষি খাতে চরম অবহেলা চলছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, বিএনপির সরকারের সময় কৃষি খাত যে উন্নয়নের দিকে যাচ্ছিল, দলীয়করণের কারণে তা ধ্বংসে দিকে যাচ্ছে। ভালো ভালো কর্মকর্তা যাঁরা বিএনপি করে বা বিএনপিকে পছন্দ করেন, তাঁদের বের করে দেওয়া হচ্ছে।
অ্যাবের আহ্বায়ক আনোয়ারুন্নবী মজুমদারের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের নেতা খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক মুস্তাহিদুর রহমান, আ ফ ম ইউসুফ হায়দার, সদরুল আমীন প্রমুখ।