যুক্তরাষ্ট্র আ. লীগে দ্বন্দ্ব!
যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে দুজনের অনুসারীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনেছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউইয়র্কে সংবর্ধনা দেওয়ার নামে ‘লক্ষ ডলারের’ আর্থিক অনিয়ম। এ নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে সংগঠন থেকে বহিষ্কার করছেন।
সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের কার্যকরী কমিটির একটি অংশ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এক সাধারণ সভা করে। অন্যদিকে সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের নেতৃত্বে অপর একটি অংশ গত রোববার সন্ধ্যায় (৬ ডিসেম্বর) জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সাধারণ সভা করে। একজন আরেকজনের ডাকা সাধারণ সভাকে অবৈধ বলছেন।
সিদ্দিকুর রহমান বলেন, সভাপতির অনুমতি ছাড়া সাধারণ সম্পাদক সাধারণ সভা ডাকতে পারেন না। তাঁর ডাকা সভা অবৈধ এবং ওই সভায় গৃহীত সিদ্ধান্তও অবৈধ। সাজ্জাদুর রহমান বলেন, দলের গঠনতন্ত্র মেনেই তিনি সাধারণ সভা ডেকেছেন। এটা কোনোভাবেই অবৈধ হতে পারে না। সিদ্ধান্তও অবৈধ নয়।
সাজ্জাদুর রহমানের ডাকা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান। সভা পরিচালনা করেন সাজ্জাদুর রহমান। সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী ও আইরিন পারভিন।
সভায় দলের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আলীকে অব্যাহতি দেওয়া হয়। ওই সভায় সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান ছাড়াও তাঁর অনুসারী অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়। সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনার সময় প্রায় ‘৪ লাখ ডলার’ উত্তোলন করা হয়। কিন্তু আজ পর্যন্ত সভাপতি এর কোনো হিসাব দেননি। দলের হাইকমান্ডের নির্দেশ অমান্য করে সিদ্দিকুর রহমান নিয়ম বহির্ভূতভাবে বিতর্কিতদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন। অথচ সাধারণ সভা ডেকে তা অনুমোদনও করাননি। বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও কোন এক অজ্ঞাত কারণে গত তিন বছরে তিনি সাধারণ সভা করেননি বলেও অভিযোগ করেন তাঁরা।
এদিকে সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে অপর সাধারণ সভা অনুষ্ঠিত হয় গতকাল মঙ্গলবার সন্ধ্যায়। এ সভায় গন্ডগোলের আশঙ্কায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা রাখা হয়। তারপরও সাজ্জাদুর রহমানের নেতৃত্বাধীন কমিটির সদস্যরা সভায় প্রবেশের চেষ্টা করেন। সভায় ঢুকতে না পেরে তাঁরা সভাস্থলের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি জটিল এবং উত্তেজনাকর হয়ে উঠলে পুলিশ ডাকা হয়। বাইরে যারা বিক্ষোভ করছিলেন তাদের তাড়িয়ে দেয় পুলিশ। সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
সভায় সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরীকে বহিষ্কার করা হয় এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সহসভাপতি মাহবুবুর রহমান ও এনামকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ দর্শানোর নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এই তিনজনকে জবাব দিতে বলা হয়েছে। এ ছাড়া নিজাম চৌধুরীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়।
সভায় গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউইয়র্কে সংবর্ধনা দেওয়ার জন্য ঢাকা থেকে ‘এক লাখ ডলারের’ তহবিল আসার কথা জানানো হয়। এর মধ্যে ৭০ হাজার ডলার সভাপতি সিদ্দিকুর রহমানের মাধ্যমে এসেছে এবং তা গণসংবর্ধনার জন্য ব্যয় হয়েছে। বাকি ৩০ হাজার ডলার নিজাম চৌধুরীর মাধ্যমে আসলেও তার কোনো হিসাব পাওয়া যায়নি বলে সভায় বলা হয়।
উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে সংগঠনটির মধ্যে বিরোধ ও সংঘাত প্রকাশ্য হয়ে উঠেছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘যা হচ্ছে তা সবই দুঃখজনক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে দেশে-বিদেশে শক্তিশালী করা যখন দলের প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব, তখন সাংগঠনিক এ সব বিষয় নিয়ে প্রকাশ্যে বিরোধে জড়ানো কোনোভাবেই কাম্য নয়।’