যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে শিক্ষা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আছে ডেমোক্রেটিক পার্টি, জিতেছেন রিপাবলিকান প্রার্থী। অর্থাৎ যুক্তরাষ্ট্রের জনগণের মতামতেরই প্রতিফলন হয়েছে।
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে যদি প্রধানমন্ত্রী শিক্ষা নেন, তাহলে তিনি সত্য কথা বলবেন। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিপুল ভোটে জয়ের কথা বলেন। আমার মনে হয়, এসব বলার ক্ষেত্রে ওনার মধ্যে কিছুটা লজ্জা আসবে।’
রিজভী আগামী ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষিত সমাবেশ সফল করার প্রস্তুতির কথাও জানান। তিনি বলেন, ‘আমরা গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর আবেদন করেছি। আশা করছি, এবার আমরা সমাবেশ করার অনুমতি পাব।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, কেন্দ্রীয় নেতা সেলিম ভূঁইয়া, আবদুস সালাম আজাদ প্রমুখ।