যুগ পুরোনো জেলা কমিটি, প্রাণ ফিরছে মহানগর ঘিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগের বেশি সময় পার করে ফেলেছে গাজীপুর জেলা আওয়ামী লীগ। ইতিমধ্যে ৭১ সদস্যের এই কমিটির ৩১ জন নেতাই মহানগর কমিটিতে চলে গেছেন। জেলা কমিটির বেশ কজন সদস্য মারাও গেছেন।
নেতা-কর্মীদের একটি অংশ দাবি করেছে, জেলা সম্মেলন না হওয়ায় নেতৃত্বের আকাঙ্ক্ষা পোষণকারী ব্যক্তিরা হতাশায় ভুগছেন। আবার আরেক অংশ বলেছে, মহানগর কমিটি সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়ায় তা নিয়ে একধরনের উৎসাহ-উদ্দীপনা কাজ করছে নেতা-কর্মীদের মধ্যে। প্রাণ ফিরে এসেছে সংগঠনে।
মাস দুয়েক আগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের বেশির ভাগ নেতা মহানগর কমিটিতে পদ পেয়েছেন। এই নেতারা দুই কমিটিতেই নেতৃত্ব দিচ্ছেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে সভাপতি এবং সাবেক টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লা খানকে সাধারণ সম্পাদক করে ২০০৩ সালে ৭১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়। আজমত উল্লা খান এখন মহানগর আওয়ামী লীগেরও
সভাপতি। জেলা কমিটির আরও ৩০ জন নেতা মহানগর কমিটিতে পদ পেয়েছেন। এ অবস্থায় জেলা কমিটি তাঁদের বাদ না দেওয়ায় একই ব্যক্তি দুই কমিটিতে রয়ে গেছেন।
জেলা কমিটির অনেক নেতা ইতিমধ্যে মারাও গেছেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সহসভাপতি খালেদ খোকন, হাবিল উদ্দিন সিকদার, নির্বাহী সদস্য গাজী ছামান উদ্দিন ও মোয়াজ্জেম হোসেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন নেতা দাবি করেন, গাজীপুরের সব কটি আসনের সাংসদ আওয়ামী লীগের। কিন্তু তাদের কাছে নেতা-কর্মীরা একরকম উপেক্ষিত।
জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হবে। এর জন্য ত্যাগী তরুণ নেতৃত্ব প্রয়োজন। এটা কেবল সম্ভব শেখ হাসিনার ওপর আস্থা রেখে এগোতে পারলে।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘গত ১৫-১৬ বছরে আওয়ামী লীগে নতুন কোনো নেতা বা কর্মী যোগ দেননি। মহানগর কমিটি হওয়ার পর গত দুই মাসে আমার নেতৃত্বে গাজীপুর সিটি করপোরেশনের বর্তমান কাউন্সিলর ১১ জন ও সাবেক কাউন্সিলর পাঁচজন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। জেলা আওয়ামী লীগের বেশির ভাগ নেতা মহানগর কমিটিতে চলে এসেছেন। এখন নতুন করে জেলা কমিটি করার প্রস্তুতি নেওয়া উচিত।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান বলেন, আওয়ামী লীগের প্রতিটি কমিটিতে তৃণমূলের নেতা-কর্মীদের গুরুত্ব দেওয়া হয়। এবার উপজেলায় ও থানায় কমিটি করা হচ্ছে। আগামী সেপ্টেম্বরে জেলা কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে।