ফেনী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন চেয়ারম্যান একরাম হত্যা মামলার আসামি জাহাঙ্গীর কবির আদেল।
দলীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় তিনি মোখিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় কণ্ঠভোটে তাঁর পদত্যাগের বিষয়টি অনুমোদিত হয়।
সভা সূত্র জানায়, ফেনী পৌর লিবার্টি সুপার মার্কেটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আকরামুজ্জামান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী। তিনি তাঁর বক্তব্যে জাহাঙ্গীর আদেলের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, একরাম হত্যা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদকের পদ শূন্য থাকবে।
জাহাঙ্গীর কবির আদেলের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাহার উদ্দিন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়। একরাম হত্যা মামলায় দীর্ঘদিন কারাভোগের পর গত ৩০ নভেম্বর জামিনে মুক্তি পান জাহাঙ্গীর কবির আদেল।