যুদ্ধাপরাধী ও গণহত্যাকারীদের আপন মনে করে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চে আছেন (ছবিতে ডান পাশ থেকে) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম l ছবি: বাসস
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চে আছেন (ছবিতে ডান পাশ থেকে) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম l ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণহত্যা দিবস পালন না করায় বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করে বলেছেন, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যুদ্ধাপরাধী, গণহত্যাকারী ও পাকিস্তানি হানাদারদেরই আপন মনে করে।
স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, তাদের (বিএনপি-জামায়াত) এই পালন না করার মধ্য দিয়ে এটা স্পষ্ট যে তারা একদিকে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। অন্যদিকে যারা যুদ্ধাপরাধী, গণহত্যাকারী, লুণ্ঠন, অগ্নিসংযোগকারীদেরই আপন মনে করে। তিনি আরও বলেন, সমগ্র বাংলার জনগণ ও সাধারণ মুক্তিকামী মানুষ তাদের পছন্দ নয়। বিএনপি-জামায়াত বুঝিয়ে দিল, তারা বাংলার জনগণের সঙ্গে নেই। বরং তারা আছে আলবদর, রাজাকার, আলশামস ও পাকিস্তানি বাহিনীর সঙ্গে।
প্রধানমন্ত্রী বলেন, ‘তাই যদি না হতো তাহলে তারা ২৫ মার্চ যে গণহত্যা শুরু হয় এবং ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দীর্ঘদিন এ দেশে যেভাবে গণহত্যা চলে, তাতে বাংলার নির্যাতিত মানুষের পাশে থাকত। মুক্তিযুদ্ধে যারা শাহাদাতবরণ করেছে, তাদের পাশে থাকত। স্বজনহারাদের পাশে থাকত। কিন্তু তারা তাদের পাশে নেই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এবারই ২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণা দিয়ে সরকারিভাবে পালন করেছি। মন্ত্রিসভায় এবং সংসদে আলোচনার মাধ্যমে এটি বিল আকারে পাস হয়েছে। এটি সকলের জন্যই প্রযোজ্য যে, সকলেই গণহত্যা দিবস পালন করবে। কিন্তু আমরা কী দেখলাম। আমরা দেখলাম, একটি রাজনৈতিক দল বা গোষ্ঠী, অর্থাৎ বিএনপি-জামায়াত ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করল না।’
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রশ্নে সরকারের জিরো টলারেন্স নীতির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে জঙ্গিদের কোনো ঠাঁই হবে না। এর জন্য যা যা করণীয়, আমরা তা করব...আমাদের তরুণ প্রজন্মের যে মেধা ও জ্ঞান রয়েছে, তা যেন এভাবে বিপথে গিয়ে নষ্ট না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে।’ তিনি আরও বলেন, আজ যখন উন্নয়নের সব সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তখন স্বাধীনতাবিরোধীরা গোলমাল পাকানোর তালে আছে। শেখ হাসিনা বলেন, দেশের মানুষই জঙ্গিবাদ-সন্ত্রাস ও অপকর্ম প্রতিহত করবে।
আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তুরস্কের প্রধানমন্ত্রীর ফোন
তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহের কথা প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সন্ধ্যায় ১৫ মিনিটের আলাপে তুরস্কের প্রধানমন্ত্রী বাংলাদেশের সিলেটে জঙ্গি হামলার নিন্দা এবং হতাহতদের প্রতি সমবেদনা জানান। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসের বিরুদ্ধে তাঁর সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, ধর্মের নামে কিছু বিভ্রান্ত লোক ইসলামের সুনাম ক্ষুণ্ন করছে।