যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমার বিধান বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী তথা যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার বিধান রহিত করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
রাজশাহী অভিমুখে ‘জাগরণ যাত্রার’ প্রথম দিনে গতকাল শুক্রবার একাধিক পথসভা ও সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ দাবি জানান। তিনি বলেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের অপরাধকে অন্য কোনো অপরাধের সঙ্গে তুলনা করা যায় না। তাঁরা জঘন্য অপরাধে অপরাধী। তাই তাঁদের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমার বিধান থাকা উচিত নয়।
জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আবেদন করা, মানবতাবিরোধী অপরাধে রাষ্ট্রপতির ক্ষমার বিধান রহিত করা ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাসহ ছয় দফা দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া ‘জাগরণ যাত্রা’ কর্মসূচি গতকাল শুরু করেছে গণজাগরণ মঞ্চ। সকাল নয়টায় রাজধানীর শাহবাগ মোড় থেকে মঞ্চের সংগঠক-কর্মী-সমর্থকেরা চারটি বাস, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার নিয়ে যাত্রা শুরু করেন। এতে ইমরান এইচ সরকার ছাড়াও সংগঠকদের মধ্যে মারুফ রসূল, হাসান তারেক, লাকী আক্তার, জনার্দন দত্ত প্রমুখ অংশ নেন।
দুপুর ১২টার দিকে জাগরণ যাত্রার বহর মানিকগঞ্জ পৌঁছালে তাঁদের স্বাগত জানান সেখানকার গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা। সেখানে পথসভায় ইমরান এইচ সরকার বলেন, সরকার ও জামায়াতের মধ্যে আঁতাত রয়েছে। এ নিয়ে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। মানুষের মাঝে সেই আতঙ্ক দূর করতে সব মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বিকেল সাড়ে চারটার দিকে জাগরণ যাত্রার বহরটি ঝিনাইদহ শহরে পৌঁছলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় লোকজন তাঁদের স্বাগত জানান। পৌনে পাঁচটার দিকে শহরের ওয়াজির আলী হাইস্কুলের সামনে থেকে একটি মিছিল বের করা হয়।
পরে সেখানকার মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে আয়োজিত সমাবেশে রাষ্ট্রপতির যুদ্ধাপরাধীদের ক্ষমার বিধান বাতিল করতে গণ-আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ইমরান এইচ সরকার।
সন্ধ্যা সাড়ে ছয়টায় বহরটি চুয়াডাঙ্গায় পৌঁছায়। সেখানে জেলা শিল্পকলা একাডেমীর প্রধান ফটকে পথসভা হয়। এরপর সাড়ে সাতটার দিকে মেহেরপুরের শহীদ ডা. শামসুজ্জোহা পার্কে পৌঁছায় জাগরণ যাত্রার বহর। এরপর তাঁরা কুষ্টিয়ায় যান। সেখানে পৌরসভা মিলনায়তনে রাত যাপন করেন। আজ শনিবার কুষ্টিয়া, ঈশ্বরদী, নাটোর, পুঠিয়া ও রাজশাহীতে পথসভা-সমাবেশ শেষে ঢাকায় ফিরবেন তাঁরা। টেকনাফ অভিমুখে জাগরণ যাত্রার দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি পরে জানানো হবে।
{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ এবং মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর প্রতিনিধি}