যুদ্ধাপরাধীদের পরিবারের কেউ আ.লীগের সদস্য হতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের গঠনতন্ত্রে যুদ্ধাপরাধী এবং বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত পরিবারের কোনো সদস্যকে আওয়ামী লীগের সদস্য না করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া দলের সভাপতিমণ্ডলী, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ আটটি পদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপকমিটির সভায় এসব প্রস্তাব করা হয়।
সভা শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের গঠনতন্ত্র উপকমিটির আহ্বায়ক আবদুর রাজ্জাক নতুন প্রস্তাব যুক্ত করাসহ গঠনতন্ত্রে পরিবর্তন আনার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, যুদ্ধাপরাধী পরিবারের কোনো সদস্য আওয়ামী লীগের প্রাথমিক সদস্যও হতে পারবে না। একই সঙ্গে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত পরিবারের কোনো ব্যক্তিও আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। আসন্ন সম্মেলনে গঠনতন্ত্রে তা সংযোজনের প্রস্তাব করা হবে।
আবদুর রাজ্জাক বলেন, সভাপতিমণ্ডলীর সদস্যসংখ্যা ১৫ থেকে বেড়ে ১৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক তিন থেকে বেড়ে চারজন, সাংগঠনিক সম্পাদক সাত থেকে বেড়ে আটজন হবে। আর কার্যনির্বাহীর সদস্যসংখ্যা আরও দুজন বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে কেন্দ্রীয় কমিটির আকার বেড়ে ৭৩ থেকে ৮১ জন করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নে পৃথক বোর্ড গঠনের বিষয়টিও গঠনতন্ত্রে সংযোজনের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন আবদুর রাজ্জাক।
গঠনতন্ত্র উপকমিটির সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব আফজাল হোসেন, সদস্য মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, আবদুল মতিন খসরু, ফারুক খান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম, শেখ ফজলে নূর তাপস প্রমুখ।
২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম সম্মেলন হওয়ার কথা রয়েছে।