যুব ও প্রজন্ম লীগনেতাকে মারধর প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তাজুল ইসলাম এবং প্রজন্ম লীগের নেতা সুজনকে মারধরের প্রতিবাদে মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং যুবলীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সন্ধ্যায় পৌরসভার চাঁচকৈড় বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আলাল শেখ। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী প্রমুখ। এর আগে নেতা-কর্মীরা আরেকটি বিক্ষোভ মিছিল করে উপজেলা সদরের চাঁচকৈড় বাজারের চলনবিল প্লাজা মার্কেটের সামনে সমাবেশ করেন। সেখানে বক্তারা বলেন, নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা ১০ টাকা কেজির চাল বিতরণের তালিকায় বিত্তশালী ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করেন। যুবলীগের নেতা তাজুল ইসলামসহ নয়জন এ ঘটনায় বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। ক্ষিপ্ত শওকত গত বৃহস্পতিবার তাঁর সন্ত্রাসী বাহিনী দিয়ে পিটিয়ে তাজুলের হাত-পা ভেঙে দেয়। এ ঘটনায় শওকতসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। অন্যদিকে, প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করায় ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আবদুল মতিনের সমর্থকেরা ইউনিয়ন প্রজন্ম লীগের সভাপতি সুজনকে মারধর করেন। শওকত রানা ও আবদুল মতিন স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুসের অনুগত। তাঁর সমর্থন নিয়েই এ দুজন দলের প্রতিপক্ষের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছেন।
সাংসদ বলেন, সুনাম ক্ষুণ্ন করার জন্য বিরোধী পক্ষ তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি সন্ত্রাসীদের মদদ দেন না।
শওকত রানা ও আবদুল মতিন বলেন, তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা।