যুব মহিলা লীগের সম্মেলন আজ
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের দ্বিতীয় জাতীয় সম্মেলন আজ শনিবার। রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টায় এই সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জানা গেছে, যুব মহিলা লীগের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৪ সালের ১৬ মার্চ। এই হিসাবে প্রায় ১৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে সংগঠনটির দ্বিতীয় জাতীয় সম্মেলন। এত দেরি করে সম্মেলন হওয়ার কারণ জানতে চাইলে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার বলেন, ‘এটা আমাদের নতুন সংগঠন। তাই দেশের সব জেলা, উপজেলা এবং ইউনিয়নে কর্মী তৈরি করতে হয়েছে। এ জন্য পরবর্তী সম্মেলনে এত সময় লেগেছে।’ যুব মহিলা লীগের সারা দেশে ৮৫টি সাংগঠনিক জেলা রয়েছে। ইতিমধ্যে জেলাগুলো থেকে সংগঠনটির নেত্রী ও কর্মীরা সম্মেলনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন।