যুবদল ও বিএনপি নেতার বিরুদ্ধে নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও তাঁর ভাই টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে ভূঞাপুর উপজেলা বিএনপির একাংশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পড়েন ভূঞাপুর পৌর বিএনপির একাংশের সভাপতি মোমরেজ আলী খান।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী সংসদ নির্বাচনে ভূঞাপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল খালেক মণ্ডলের টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে মনোনয়ন চাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে পরিকল্পিতভাবে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বহিষ্কারাদেশ অবৈধ। তাই ভূঞাপুর-গোপালপুরের বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা তা মানেন না।
সুলতান সালাউদ্দিন ও শামছুল আলম বিএনপিদলীয় সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০০৮ সালের জানুয়ারি থেকে কারাগারে আছেন পিন্টু। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সুলতান সালাউদ্দিন বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, দুই বছর ধরে সুলতান সালাউদ্দিন ও শামছুল আলম ভূঞাপুর ও গোপালপুরে এক দিনও আসেননি। তাই নেতা-কর্মীরা ভূঞাপুরে বিএনপির বিরাজমান সমস্যা সমাধানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হস্তক্ষেপ কামনা করেন।
জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম প্রথম আলোকে বলেন, দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় আব্দুল খালেক মণ্ডলকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত হয়ে তিনি দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছেন।
সংবাদ সম্মেলনে ভূঞাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক মণ্ডল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম ভূঁইয়া, একাংশের সাধারণ সম্পাদক শাহজাহান কবির, ইব্রাহীম খাঁ কলেজের সাবেক সহসভাপতি (ভিপি) হাবিবুর রহমান, অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।