যুবদল থেকে এসেই আ.লীগের সম্পাদক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি একসময় যুবদল করতেন। হঠাৎ করে আওয়ামী লীগে যোগ দিয়ে পদ পেয়েছেন তিনি।
১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভৈরবপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের জন্য স্থানীয় লক্ষ্মণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস লস্কর। সভা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা ওই কমিটির বিরোধিতা করে তা বাতিলের দাবি জানান।
ওয়ার্ড কমিটির আটজন নেতা অভিযোগ করেন, সাংগঠনিক কর্মকাণ্ডে দুর্বল সৈয়দ আলীকে নতুন কমিটির সভাপতি করা হয়েছে। অথচ ২ বার নির্বাচিত সভাপতি মজিবর রহমান ৪৬ বছর ধরে আওয়ামী লীগ করেন। ৩৫ বছর ওই ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁকে বাদ দিয়ে কমিটি করায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ। এ ছাড়া যুবদল থেকে আওয়ামী লীগে আসা লুৎফর রহমানকে সাধারণ সম্পাদক করায় নেতা-কর্মীরা বিস্মিত হয়েছেন।
মজিবর রহমান বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছি। আমাকে বাদ দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ পকেট কমিটি করেছেন। নতুন কমিটির সাধারণ সম্পাদক বিএনপি করতেন। কমিটি ঘোষণার সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীরা ওই কমিটির বিরোধিতা করেছেন।’
ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘আমি একসময় বিএনপি করতাম। তবে কোনো পদে ছিলাম না। গত ইউপি নির্বাচনের আগে ইউপি চেয়ারম্যান নাসির আহমেদের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেছি।’
ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘এক বছর আগে লুৎফর রহমান আওয়ামী লীগে যোগ দেন। এরপর থেকে তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থেকেছেন। তিনি আগে কী করতেন, তা আমি জানি না। নেতা-কর্মীদের মতামত নিয়ে নতুন কমিটি করা হয়েছে।’