যুবদল নেতার মুক্তির দাবি আ.লীগ কাউন্সিলদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ারের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন আওয়ামী লীগের ১১ জন কাউন্সিলর। এদিকে আওয়ামী লীগ যুবদলের নেতার মুক্তি দাবি করায় অস্বস্তিতে পড়েছে জেলা বিএনপি।

পৌরসভায় বিএনপি ও জামায়াতের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের পাশাপাশি আওয়ামী লীগের সমর্থক ওই ১১ কাউন্সিলর যুবদলের নেতা সিপার আল বখতিয়ারের মুক্তির দাবি জানিয়ে একটি যুক্ত বিবৃতিতে স্বাক্ষর করেন। ২৮ জন মেয়র-কাউন্সিলরের সই করা ওই বিবৃতিসহ একটি প্রেস বিজ্ঞপ্তি গত শনিবার স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়।

পৌরসভার প্যাডে পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়, ১১ নম্বর ওয়ার্ডে পর পর চারবার নির্বাচিত কাউন্সিলর সিপার আল বখতিয়ার কারাগারে থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি উচ্চ রক্তচাপ, কোমরে ব্যথা ও কিডনির সমস্যাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। এ জন্য তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হচ্ছে।

বিবৃতিতে বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহাবুবর রহমান ছাড়াও নবনির্বাচিত ২০ জন কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সাতজন নারী কাউন্সিলর এতে স্বাক্ষর করেছেন। সবার আগে স্বাক্ষর করেছেন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল। এরপর ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর মো. ইব্রাহীম ও মোস্তাকিম রহমান।

এ ছাড়া আওয়ামী লীগের অন্য যেসব কাউন্সিলর স্বাক্ষর করেছেন, তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সার্জিল আহমেদ, ১৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের জহুরুল ইসলাম, ১৭ নম্বর ওয়ার্ডের মেজবাউল হামিদ, ১৫ নম্বর ওয়ার্ডের আমিনুল ইসলাম, ১৪ নম্বর ওয়ার্ডের রেজাউল করিম, ১০ নম্বর ওয়ার্ডের আরিফুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনে আরা হাসি।

মুঠোফোনে যোগাযোগ করা হলে আওয়ামী লীগের তিন-চারজন কাউন্সিলর বলেন, সিপার আল বখতিয়ার জনপ্রিয় কাউন্সিলর। এ কারণে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে মানবিক দিক বিবেচনায় তাঁর মুক্তির দাবি করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘সিপার আল বখতিয়ার আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার। নিজেরা কারাগারে পাঠিয়ে এখন দরদ দেখাতে আসাটা ক্ষমতাসীন দলের জন্য বেমানান। এতে রাজনৈতিক কোনো কৌশলও থাকতে পারে। তবে আওয়ামী লীগের কাউন্সিলররা সিপার আল বখতিয়ারের মুক্তি দাবি করায় আমরা বিব্রত।’