
যুবদলের জেলা ও মহানগর কমিটি ঘোষণার পর বিভক্ত হয়ে পড়েছেন বরিশালে বিএনপির তিন গুরুত্বপূর্ণ নেতা মজিবর রহমান সরোয়ার, বিলকিস জাহান ও এবায়দুল হক (চান)। দলের স্থানীয় নেতারা বলছেন, যুবদল সামনে রেখে এই বিভক্তির প্রকাশ ঘটলেও নেপথ্য কারণ ভিন্ন। এর পেছনে আছে বরিশালে দলে কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং আগামী মেয়র নির্বাচনে প্রার্থিতা।
প্রায় ১৮ বছর পর গত ২৭ এপ্রিল যুবদলের কেন্দ্রীয় কমিটি পারভেজ আকনকে সভাপতি ও এইচ এম তসলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বরিশাল জেলা এবং আক্তারুজ্জামান শামীমকে সভাপতি ও মাসুদ হাসানকে সাধারণ সম্পাদক করে মহানগর যুবদলের কমিটি দেয়। কমিটি ঘোষণার পরদিনই পদবঞ্চিত নেতা-কর্মীরা প্রথমে বিক্ষোভ মিছিল করেন, পরে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ে তালা লাগিয়ে দেন।
দলীয় সূত্র জানায়, পদবঞ্চিতদের পক্ষ নেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার। আর নতুন কমিটির পক্ষ নেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। দুই নেতার এই দ্বন্দ্বকে প্রভাবশালী সরোয়ারের সঙ্গে অপেক্ষাকৃত তরুণ বিলকিসের কর্তৃত্বের লড়াই হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে মজিবর রহমান সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘মহানগর যুবদলের সভাপতি হিসেবে যাঁকে দেওয়া হয়েছে, তাঁকে আট বছরে মাঠের কোনো কর্মসূচিতে দেখিনি। নতুন কমিটিতে ত্যাগ নয়, ব্যক্তির ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়েছে।’
বিলকিস জাহান পাল্টা প্রশ্ন তুলে বলেন, ‘অনেক নেতাই এ সরকারের আমলে বরিশালের রাজপথে ছিলেন না। আক্তারুজ্জামান মাঠে ছিলেন না বলে আজ যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁরা কে কতটা মাঠে ছিলেন?’
আর জেলা বিএনপির (দক্ষিণ) সভাপতি এবায়দুল হক বলেন, ‘যুবদলের কমিটি নিয়ে কেউÿক্ষুব্ধ হলে যুবদলের নেতা-কর্মীরা কার্যালয়ে তালা দেবে। সেখানে কেন বিএনপির নেতা তালা দিলেন?’
বিএনপির নেতারা বলছেন, একসময় বরিশাল বিএনপিতে মজিবর রহমান সরোয়ারের আধিপত্য ছিল একচ্ছত্র। এক পর্যায়ে দলের কর্তৃত্ব নিয়ে আহসান হাবিব কামালের সঙ্গে দ্বন্দ্ব বাধে। ২০১৩ সালে মেয়র নির্বাচিত হওয়ার পর কামাল দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় হয়ে পড়েন।
গত বছর বিএনপির কেন্দ্রীয় কাউন্সিলের পর বরিশাল মহানগর মহিলা দলের সভাপতি বিলকিস জাহান বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। এরপর সরোয়ারবিরোধীরা কামালের জায়গায় বিলকিসকে ঘিরে তৎপর হন। এতে কেন্দ্রীয় নেতাদের কারও কারও সমর্থন রয়েছে বলে প্রচার আছে। সম্প্রতি সরোয়ারের পছন্দের বাইরে জেলা ও মহানগর যুবদলের কমিটি ঘোষণা তারই অংশ বলে মনে করছেন অনেকে।
অবশ্য বিলকিস জাহান প্রথম আলোকে বলেন, ‘আমরা একসঙ্গে সরকারবিরোধী আন্দোলনে আছি। তাঁর সঙ্গে দ্বন্দ্বের কিছু নাই। রাজনীতিতে কিছু প্রচলন আছে, এগুলো রাখতে হয়। তা না হলে রাজনীতির মাঠ গরম থাকে না।’
বিএনপির স্থানীয় নেতারা বলছেন, আগামী বছরেই বরিশাল সিটি করপোরেশন নির্বাচন হওয়ার কথা রয়েছে। মেয়র পদে প্রার্থী হতে চান মজিবর রহমান সরোয়ার, বিলকিস জাহান ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক। দলের মনোনয়ন পেলে বর্তমান মেয়র আহসান হাবিব কামালও প্রার্থী হবেন বলে এই প্রতিবেদককে বলেছেন।
এবায়দুল হক প্রথম আলোকে বলেন, ‘সরোয়ার এখন কেন্দ্রীয় নেতা, চারবার সাংসদ হয়েছেন। দল ক্ষমতায় গেলে মন্ত্রী হবেন। আমরা চাই তিনি দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবেন। তিনি মেয়র পদে নির্বাচন করেন, তা আমাদের প্রত্যাশিত নয়।’ তিনি বলেন, তিনি এবার মেয়র পদে প্রার্থী হবেন।
বিলকিস জাহানও বলেন, নেতা-কর্মীরা চাইলে তিনি প্রার্থী হবেন।
এ বিষয়ে সরোয়ার বলেন, মেয়র নির্বাচনের এখনো এক বছর আছে। এটা নিয়ে গ্রুপিং করে লাভ নেই। সময় হলে দলের হাইকমান্ড এ ব্যাপারে চিন্তা করবে।
দলীয় সূত্র জানায়, অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত ছাড়া বরিশালে বিএনপির সাংগঠনিক কার্যক্রম খুব একটা নেই। মহানগর বিএনপির কর্মকাণ্ড অনেকটাই সরোয়ারনির্ভর। সাধারণ সম্পাদক কামরুল হাসান মারা গেছেন দুই বছর আগে। ভারপ্রাপ্ত হিসেবে আছেন জিয়াউদ্দিন সিকদার। সরোয়ার না থাকলে নগর কমিটি কোনো কর্মসূচি করে না।
জানতে চাইলে মজিবর রহমান সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘মহানগরের বাইরে কোতোয়ালি আমার নির্বাচনী এলাকা। আমি থাকলে কোতোয়ালির লোকজনও মিটিংয়ে থাকে। কিছু লোক আছে আমার আস্থাভাজন। আমি থাকলে তারা ভরসা পায়।’
দুই ভাগে বিভক্ত বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা কমিটিও সক্রিয় নয়। পাঁচ বছর আগে উত্তরের কমিটি হয় মেজবাহউদ্দিন ফরহাদকে সভাপতি ও আকন কুদ্দুছুর রহমানকে সাধারণ সম্পাদক করে। দক্ষিণে এবায়দুল হক চানকে সভাপতি ও আবুল কালামকে সম্পাদক করে দুই সদস্যের কমিটি ঘোষণা হয়েছিল চার বছর আগে, মেয়র নির্বাচনের প্রাক্কালে। সে কমিটি আর পূর্ণাঙ্গ হয়নি।
ছাত্রদলের জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি হয়েছিল ২০১১ সালে। সে কমিটি এখনো বহাল আছে। ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান স্বেচ্ছাসেবক দলেরও যুগ্ম আহ্বায়ক। শ্রমিক দলের মহানগর সভাপতি মাইনুল ইসলাম মারা গেছেন প্রায় এক বছর হলো। এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি না হওয়ার জন্য স্থানীয় নেতৃত্বকে দায়ী করেন সরোয়ার। তিনি বলেন, জেলার পূর্ণাঙ্গ কমিটি দিতে সভাপতি ও সম্পাদকের মধ্যে সমন্বয় নেই। তাঁদের ব্যর্থতা আছে। এর জন্য কেন্দ্রেরও দায় আছে।