যুবদলের কমিটি নিয়ে বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর যুবদলের নতুন কমিটি গঠন নিয়ে নগর বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। বিভক্ত নেতারা পছন্দের ব্যক্তিকে কমিটিতে আনতে ঢাকায় যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। এমনকি এক পক্ষের পছন্দের প্রার্থীকে অন্য পক্ষ ঘায়েলের চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।

চলতি মাসের তৃতীয় সপ্তাহে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের ফেরার পর যুবদলের নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন জানিয়েছেন।

দলীয় সূত্র জানায়, নগর যুবদলের সভাপতি নিয়ে নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম দুই মেরুতে অবস্থান নিয়েছেন। শাহাদাত হোসেন সরাসরি সমর্থন দিচ্ছেন যুবদলের বর্তমান কমিটির সহসভাপতি শামসুল হককে। আবুল হাশেম সমর্থন দিচ্ছেন নগর বিএনপির বর্তমান যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরীকে। এ ছাড়া যুবদলের সভাপতি হতে আগ্রহী বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। মোশাররফের পক্ষে কেন্দ্রের প্রভাবশালী ডজনের বেশি নেতা আছেন। এর মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন ও কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল রয়েছেন।

সর্বশেষ ২০১১ সালের ১৯ নভেম্বর কাজী বেলাল উদ্দিনকে সভাপতি এবং মোশাররফ হোসেনকে সাধারণ সম্পাদক করে নগর যুবদলের ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পর নগর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলকে নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। যুবদলের নতুন কমিটি গঠন নিয়ে নগর বিএনপির নেতাদের মধ্যে এই বিভক্তি দেখা দেয়।

যুবদলের নতুন কমিটি প্রসঙ্গে নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘কাজী বেলাল নগর বিএনপির কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। তাই সভাপতি পদে আমরা শামসুল হককে চাইছি। খসরু ভাইও (আমীর খসরু মাহমুদ চৌধুরী) তাঁর পক্ষে ঢাকায় কথা বলেছেন।’

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেন, ‘ইয়াসিন চৌধুরীও সাংগঠনিক ছেলে। আন্দোলন-সংগ্রামে সরব থাকেন। এ জন্য তাঁরও গ্রহণযোগ্যতা আছে। অবশ্য কেন্দ্র যাঁকে ভালো মনে করবে তিনি সভাপতি হবে।’

বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করে জানান, নগর যুবদলের সভাপতি হতে আগ্রহী শামসুল হক বর্তমান কমিটির ৪ নম্বর সহসভাপতি। একই কমিটির ৩ নম্বর সহসভাপতি মো. মহসীন ওরফে খোকনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। এর মধ্যে গত ৮ এপ্রিল কুমিল্লার দাউদকান্দি এলাকায় যাত্রীবাহী বাসে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার হন মো. মহসীন। তাই সংগঠনের একটি অংশ শামসুল হককে ইয়াবা মামলার আসামির সহযোগী হিসেবে উল্লেখ করে ঘায়েলের চেষ্টা করছে।

শামসুল হক এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘পুলিশের সঙ্গে বাড়াবাড়ি করার কারণে মহসীনকে ফাঁসানো হয়েছে। এই ঘটনা নিয়ে আমাকে ঘায়েল করা কিংবা রাজনীতি করা উচিত নয়।’

দলের একটি সূত্র জানায়, নগর যুবদলের সভাপতি পদে মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদের নাম বেশি উচ্চারিত হচ্ছে। খালেদা জিয়া দেশে ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নতুন কমিটি প্রসঙ্গে জানতে চাইলে সভাপতি হতে আগ্রহী মোশাররফ হোসেন বলেন, ‘তিন দশক ধরে আন্দোলন-সংগ্রামে সব সময় মাঠে ছিলাম। অসংখ্য মামলা মাথায় নিয়ে এখনো কাজ করে যাচ্ছি। নগরের নেতা-কর্মীরা আমাকে ভালোবাসে। তাঁদের ভালোবাসার অমর্যাদা হবে না।’