যুবদলের কমিটির সদস্যের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটি এক পক্ষের নেতাদের নিয়ে গঠন করা হয়েছে। কমিটি গঠনের পরের দিনই উপজেলা কমিটির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন পদত্যাগ করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার জেলা যুবদল হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের পৃথক তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। উপজেলা কমিটিতে সাবেক সাংসদ এম এ মতিনের অনুসারী নাজমুল আলম চৌধুরীকে আহ্বায়ক, যুবদলের নেতা আকবার হোসেন মৃধাকে প্রথম যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের অনুসারী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবিরকে দ্বিতীয় যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়।
পৌর কমিটিতে আবদুল আউয়ালকে আহ্বায়ক, মো. বিল্লাল পাটওয়ারীকে প্রথম যুগ্ম আহ্বায়ক ও হুমায়ুন কবিরকে দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক করা হয়।
আহ্বায়ক কমিটি গঠনের পরের দিন বুধবার উপজেলা কমিটির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ওই পদ থেকে পদত্যাগ করেন। তিনি বলেন, ‘আমার অগোচরে দলীয় নেতা-কর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর জন্য কমিটিতে আমার নাম দেওয়া হয়েছে।’
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন একপক্ষের নেতা-কর্মীদের দিয়ে কমিটি গঠনের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, উভয় পক্ষের নেতা-কর্মীদের দিয়ে কমিটি গঠন করলে দুই পক্ষ মারামারি করবে। হুমায়ুন কবিরের পদত্যাগের প্রসঙ্গে তিনি বলেন, অপর পক্ষের লোক হওয়ায় তিনি পদত্যাগ করেছেন।