যুবদলের কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল ফরিদপুর শহরে বিক্ষোভ মিছিল করে জেলা যুবদল। ছবিটি সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়ক থেকে তোলা l প্রথম আলো
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল ফরিদপুর শহরে বিক্ষোভ মিছিল করে জেলা যুবদল। ছবিটি সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়ক থেকে তোলা l প্রথম আলো

আদালতে হাজিরা না দেওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল শুক্রবার ফরিদপুর জেলা যুবদল মিছিল ও সমাবেশের আয়োজন করে। এতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

যুবদলের স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের নেতা-কর্মীরা শহরের জেনারেল হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এটি মুজিব সড়ক দিয়ে সুপার মার্কেটের সামনে গেলে পুলিশ বাধা দেয়।

নাম প্রকাশ না করার শর্তে দুজন প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলকারীরা ফরিদপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ করার উদ্যোগ নেন। এ সময় পুলিশ ব্যানার কেড়ে নেয় এবং যুবদল নেতাদের সঙ্গে ধস্তাধস্তি করে। একপর্যায়ে জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

আফজাল হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পুলিশ আমাদের ব্যানার কেড়ে নিয়েছে ও নেতা-কর্মীদের ধাওয়া দিয়েছে। ফলে বাধ্য হয়ে কর্মসূচি সংক্ষিপ্ত করতে হয়েছে।’

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, যুবদলের মিছিলে পুলিশের বাধা দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই।