যুবদলের মিছিল পুলিশের বাধায় পণ্ড
ফরিদপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল গতকাল বৃহস্পতিবার পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়েরের প্রতিবাদে এ মিছিল বের করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে যুবদলের কর্মীরা শহরের ব্রাহ্মসমাজ সড়কে সমবেত হয়ে মিছিল বের করেন। তাঁরা ফরিদপুর প্রেসক্লাবের দিকে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশ স্লোগান না দিয়ে সবাইকে চুপচাপ সারিবদ্ধভাবে এগোতে বলে। প্রেসক্লাবের সামনে এসে যুবদলের নেতারা আবার মুজিব সড়কে মিছিল করার উদ্যোগ নেন। এতেও বাধা দেয় পুলিশ। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের প্রথমে কথা-কাটাকাটি ও পরে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া বলেন, গত সোমবার যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিনের বিরুদ্ধে টাঙ্গাইলে একটি ‘মিথ্যা’ মামলা হয়েছে। এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল করার উদ্যোগ নেওয়া হয়েছিল। পুলিশ মিছিলে লাঠিপেটা করে। এ ঘটনায় তাঁদের দুই কর্মী আহত হয়েছেন। তাঁরা ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বিপুল কুমার দে প্রথম আলোকে বলেন, যুবদল দেশবাসীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য চক্রান্তের অংশ হিসেবে মিছিলের এ কর্মসূচি নিয়েছিল। তাই মিছিলে বাধা দেওয়া হয়েছে।