নেতাদের মধ্যে কোন্দলের জের ধরে এক যুগ ধরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা যুবদলের সম্মেলন হচ্ছে না। সংগঠনটির সর্বশেষ সম্মেলনে গঠিত পূর্ণাঙ্গ কমিটি আজও অনুমোদন পায়নি। এতে সাংগঠনিক কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে বলে স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন।
জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন বলেন, দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় সংগঠন কিছুটা স্থবির হয়ে পড়বে—এটাই স্বাভাবিক। ধরমপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা নিয়ে বর্তমানে জেলা কমিটিতে কোনো দ্বন্দ্ব নেই। শিগগিরই জেলা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা যুবদলের কয়েকজন নেতা-কর্মী জানান, ২০০৩ সালের ১২ সেপ্টেম্বর ধরমপাশা যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন হয়। এতে হাবিব উল্লাহ তালুকদার সভাপতি, এস এম রহমত সাধারণ সম্পাদক ও হাদিছ মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। সম্মেলন হওয়ার মাস খানেক পর যুবদলের ৭১ সদস্যের কার্যকরী কমিটির তালিকা সুনামগঞ্জ জেলা যুবদলের কার্যালয়ে পাঠানো হয়। তৎকালীন জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ্বের কারণে ওই কমিটি অনুমোদন পায়নি। অভ্যন্তরীণ বিরোধের কারণে গত বছরের ২৮ জুলাই উপজেলা যুবদলের সভাপতি হাবিব উল্লাহ আওয়ামী লীগে যোগ দেন।
উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাদিছ মিয়া বলেন, উপজেলা যুবদলের কার্যকরী কমিটি অনুমোদন না পাওয়ায় বেশ কিছু নেতা-কর্মী সংগঠন থেকে দূরে সরে রয়েছেন। ফলে সংগঠনে অচলাবস্থা দেখা দিয়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে দ্রুত সম্মেলন করতে হবে।
সেলবরষ ইউনিয়ন যুবদলের সভাপতি মুখলেছুর রহমান বলেন, দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় অনেক ত্যাগী নেতা-কর্মী পদবঞ্চিত রয়েছেন। তাঁদের মধ্যে হতাশা বাড়ছে।
উপজেলা ও ইউনিয়ন যুবদলের আরও অন্তত ২০ জন নেতা-কর্মী বলেন, দুই বছরের জন্য ওই সম্মেলন অনুষ্ঠিত হলেও বছরের পর বছর কেটে যাচ্ছে। নতুন করে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন না করায় সংগঠনের কার্যক্রম ঝিমিয়ে পড়ছে। সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে দ্রুত ইউনিয়ন ও উপজেলা সম্মেলন করে নতুন নেতৃত্ব বের করে আনা প্রয়োজন।
উপজেলা বিএনপির সভাপতি আবদুল মোতালিব খান বলেন, ‘বিএনপি বড় সংগঠন। এতে নেতাদের মধ্যে মতবিরোধ থাকবে, সেটাই স্বাভাবিক। তবে এর কারণে অঙ্গসংগঠনগুলোয় প্রভাব পড়ছে বলে মনে হয় না। আমরাও উপজেলা যুবদলের কমিটি চাই।’