যুবলীগ-ছাত্রলীগের লাঠি মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নাশকতার রাজনীতি প্রতিরোধের ঘোষণা দিয়ে মিছিল করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখা। নিউমার্কেট এলাকা চট্টগ্রাম, ৭ ফেব্রুয়ারি। ছবি: জুয়েল শীল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নাশকতার রাজনীতি চট্টগ্রামের মাটিতে সর্বাত্মকভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম নগর যুবলীগ ও ছাত্রলীগ শাখা।

বুধবার বিকেলে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করার আগে ছাত্রলীগ এই ঘোষণা দেয়। এর আধা ঘণ্টা আগে নগর যুবলীগ একই জায়গা থেকে লাঠি মিছিল বের করে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অন্যতম একজন আসামি। খালেদা জিয়াসহ এ মামলায় আসামি মোট ছয়জন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের কর্মসূচি ঠেকাতে ছাত্রলীগ ও যুবলীগ দারুল ফজল দলীয় কার্যালয়ের সামনে থেকে পৃথকভাবে দুটি মিছিল বের করে। মিছিলের আগে উভয় সংগঠন দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নাশকতার রাজনীতি প্রতিরোধের ঘোষণা দিয়ে মোটরসাইকেলে লাঠি নিয়ে মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। নিউমার্কেট এলাকা, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল

বিকেল সাড়ে চারটায় লাঠি মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, খালেদা জিয়া এতিমের টাকা মেরে দিয়েছেন। এ জন্য ওয়ান-ইলেভেনের সরকার তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। এই মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হুমকি-ধমকি দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ আইনের শাসনে বিশ্বাসী বলে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় প্রভাব খাটায়নি। মামলার রায় ঘিরে চট্টগ্রামে কিছু হলে যুবলীগ প্রতিরোধ গড়ে তুলবে।

সংক্ষিপ্ত সমাবেশের পর নগর যুবলীগের একটি লাঠি মিছিল নিউমার্কেট ও কোতোয়ালি মোড় হয়ে জেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ফরিদ মাহমুদ ও মাহবুবুল হক।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নাশকতার রাজনীতি প্রতিরোধের ঘোষণা দিয়ে চট্টগ্রামে মিছিল করেছে ছাত্রলীগ। এ সময় অনেককে সেলফি তুলতে দেখা যায়। নিউমার্কেট এলাকা, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল

এদিকে যুবলীগের কর্মসূচি শেষ হওয়ার আধা ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে দারুল ফজল দলীয় কার্যালয়ের সামনে অনুরূপ একটি সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রলীগ। এতে সভাপতিত্ব করেন নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ। সাধারণ সম্পাদক নুরুল আজিমের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইরফানুল আলম, নাদিম উদ্দিন, রাজেস বড়ুয়া প্রমুখ। এরপর ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লালদীঘি ময়দানে গিয়ে শেষ হয়।

মিছিলের আগে ছাত্রলীগের সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়া জামায়াতকে ব্যবহার করে পরিকল্পিতভাবে দেশে নাশকতা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে চট্টগ্রাম নগরের বাইরে থেকে জেলা ও উপজেলার বিএনপি-জামায়াতের ভাড়াটে সন্ত্রাসীরা নগরে প্রবেশ করেছে। চট্টগ্রাম নগরে বহিরাগত কোনো লোকজন দেখা গেলে পুলিশে সোপর্দ করা হবে।

বক্তারা বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ঘোষিত নির্ধারিত ১৩টি মোড়ে অবস্থান নেওয়ার পাশাপাশি চট্টগ্রাম পুরোনো রেলস্টেশন, মুরাদপুর ও কর্নেলহাট মোড়ে ছাত্রলীগের সর্বস্তরের নেতা-কর্মীদের জড়ো হতে আহ্বান জানিয়েছেন।