কৌশলে একের পর এক ফসলি জমি দখলের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় যুবলীগের কেন্দ্রীয় নেতা শেখ আতিয়ার রহমান ওরফে দীপুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি সংগঠনটির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।
গতকাল বুধবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘গোপালগঞ্জে ফসলি জমিতে যুবলীগ নেতার শিল্প পার্ক’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে যুবলীগ কেন্দ্রীয় কমিটি আতিয়ার রহমানকে বহিষ্কার করে।
যুবলীগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আতিয়ার রহমানের শিল্প পার্ক প্রতিষ্ঠাসংক্রান্ত বিস্তারিত সংবাদে তাঁর যে কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে, তা বর্তমান সরকারের নীতিমালা, নৈতিকতা ও জনস্বার্থ পরিপন্থী বলে যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাছে প্রতীয়মান হয়। এ অবস্থায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি প্রাথমিক অনুসন্ধানে সত্য প্রতীয়মান হয়েছে। তাই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শেখ আতিয়ার রহমানকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা আগামী ১৫ দিনের মধ্যে যুবলীগের চেয়ারম্যান বরাবর লিখিতভাবে জানাতে নোটিশ দেওয়া হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ফসলি জমিতে শিল্প পার্ক করছেন আতিয়ার রহমান। এ জন্য তিনি কৌশলে একের পর এক কৃষিজমি দখল করছেন বলে অভিযোগ উঠেছে। আর জমি ভরাটের জন্য অপরিকল্পিতভাবে বালু ও মাটি তোলায় বিস্তীর্ণ এলাকায় ভাঙন শুরু হয়েছে। উচ্ছেদ আতঙ্কে রয়েছে প্রায় ৩০০ দরিদ্র পরিবার।
আতিয়ারের বাড়ি মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়নের লখণ্ডা গ্রামে। উপজেলার জলিরপাড় ইউনিয়নের তালবাড়ি গ্রামের কাছে কালাবাড়ি বিলের উর্বর কৃষিজমিতে ‘ছাছকো গ্রুপ’ নামে শিল্প পার্ক স্থাপন করছেন তিনি।