যুবলীগের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন দলটির এক পক্ষের নেতা-কর্মীরা। গতকাল বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেট এলাকায় টায়ার জ্বালিয়ে ও বালুর বস্তা ফেলে অবরোধ সৃষ্টি করেন তাঁরা। এ কারণে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।
বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মনির সিকদার ও নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী বিক্ষোভে নেতৃত্ব দেন।
১৯ অক্টোবর জিয়া উদ্দিন খন্দকারকে আহ্বায়ক, শাহিন আলম ও ইলিয়াস আলীকে যুগ্ম আহ্বায়ক করে ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ। অযোগ্য ব্যক্তিদের দিয়ে কমিটি গঠনের অভিযোগ এনে দলের একটি পক্ষ আন্দোলনে নামে। গতকাল সকালে তিন শতাধিক নেতা-কর্মী কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেন। অবরোধের কারণে উভয় পাশে অন্তত দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
বিক্ষোভে নেতৃত্ব দেওয়া ইলিয়াস আলী বলেন, অযোগ্য লোকদের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ কমিটি করার। তাঁদের হাত দিয়ে যোগ্য নেতৃত্ব সৃষ্টি হতে পারে না।
আহ্বায়ক জিয়া উদ্দিন খন্দকার বলেন, মনির সিকদার ও ইলিয়াস আলী মিলে কেন্দ্রে আলদা কমিটির নাম জমা দিয়েছিলেন। তাঁদের প্রস্তাব আমলে না আনায় এখন তাঁরা আবোলতাবোল বলছেন।