মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় যুবলীগের পৌরসভাসহ সাতটি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত শনিবার উপজেলা যুবলীগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাকক্ষে উপজেলা যুবলীগের সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সভা হয়। সভায় কুলাউড়া পৌরসভা, সদর, জয়চণ্ডী, কর্মধা, টিলাগাঁও, পৃথিমপাশা ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া এক মাসের মধ্যে নতুন করে এসব কমিটি গঠনের জন্য উপজেলা কমিটির কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুস শহীদ গতকাল সোমবার প্রথম আলোকে জানান, দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার কারণে সাতটি কমিটি বিলুপ্ত করা হয়েছে।
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি