যুবলীগের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবলীগের এক নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে সংগঠনের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশ পাওয়া তিনজন হলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য আকমল হোসেন, শমশেরনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মতিউল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোতালিব। গত শুক্রবার উপজেলা যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোশাহিদ আলী স্বাক্ষরিত নোটিশটি পাঠানো হয়। গতকাল রোববার তাঁরা তিনজন নোটিশটি হাতে পেয়েছেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত শমশেরনগরের ছাত্রলীগ নামধারীরা ৮ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় স্থানীয় বাজারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে শমশেরনগর বাজারে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোপাল বর্মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। সংগঠনের নিয়ম-শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী কাজে সহায়তা করায় যুবলীগ নেতা আকমল হোসেন, মতিউল ইসলাম ও আবদুল মোতালিবের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাত দিনের মধ্যে জানাতে বলা হয়েছে।
নোটিশ পাওয়া আকমল হোসেন বলেন, ৪ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রফিকুর রহমানের সংবর্ধনা সভাকে কেন্দ্র করে ছাত্রলীগের ১০ জনকে বহিষ্কার করা হয়েছিল। এর প্রতিবাদে ৮ ডিসেম্বর ছাত্রলীগের বহিষ্কৃতরা মিছিল বের করলে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোপাল বর্মাসহ কয়েকজন নেতা পুলিশ সদস্যদের নিয়ে আসেন। এতে উত্তেজনা দেখা দেয়। তিনি পরিস্থিতি শান্ত করতে গিয়েছিলেন। নোটিশ দেওয়ার অর্থ তিনি বুঝতে পারছেন না।
মতিউল ইসলাম ও আবদুল মোতালিব বলেন, এসব ঘটনায় তাঁরা কোনোভাবেই জড়িত নন। একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে এসব করছে।