যুবলীগের নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. নাসির উদ্দিন পালোয়ানকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে গতকাল শুক্রবার দশমিনা উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।
উপজেলা যুবলীগের উদ্যোগে গতকাল দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা নাসির উদ্দিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তাঁরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।
পরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সালাহউদ্দিন বেল্লাল লিখিত বক্তব্যে বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী গৌতম রায়ের বাড়ি, মন্দিরে হামলাসহ নৌকার সমর্থক লোকজনের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। নাসির উদ্দিন নৌকা প্রতীকের সমর্থকদের পক্ষ নেওয়ায় তিনি মিথ্যা মামলায় এখন কারাগারে।
দশমিনা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে আরজবেগি এলাকায় টহল দেওয়ার সময় সরকারি কাজে বাধা দেওয়ায় ও পুলিশের এক সদস্যকে লাঞ্ছিত করায় নাসির উদ্দিনকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে নাসির উদ্দিনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে। বৃহস্পতিবার আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন।