প্রায় এক যুগ পর নরসিংদীর পলাশ উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন হচ্ছে আজ সোমবার। বিকেল থেকে স্থানীয় খানেপুর ট্রাকস্ট্যান্ড মাঠে এ সম্মেলন হবে। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফের সম্মেলন উদ্বোধন করার কথা।
দলীয় সূত্র জানায়, উপজেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০০৩ সালের নভেম্বরে। তখন মনিরুজ্জামান ইকবালকে সভাপতি ও সৈয়দ জাভেদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে মেয়াদ তিন বছর পার হলেও বিভিন্ন কারণে নতুন কমিটি করা যাচ্ছিল না। একাধিকবার সম্মেলনের তারিখ ঠিক করা হলেও পরে পেছানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ জাবেদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের কর্মী আল মুজাহিদ তুষার ব্যানার-ফেস্টুন লাগিয়ে নিজেদের প্রার্থিতা জানান দিয়েছেন। জাবেদ হোসেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান। আর আল মুজাহিদ স্থানীয় সাংসদ কামরুল আশরাফ খানের ভাগনে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ওই দুজন ছাড়া প্রকাশ্যে আর কেউ প্রতিদ্বন্দ্বিতায় নেই।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সম্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান ইকবাল। অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আশরাফ খান, সাংসদ কামরুল আশরাফ খান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূইয়া ও পৌর মেয়র শরিফুল হক।
উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুল্লাহ বলেন, সম্মেলনের জন্য তৃণমূলের ১৩৬ জন নেতা-কর্মীকে ডেলিগেট নির্বাচন করা হয়েছে। সম্মেলন চলাকালে কেউ প্রার্থী হলে ডেলিগেটের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে।