যুবলীগের ৩ নেতাকে অব্যাহিত, ছাত্রলীগ নেতার পদ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় আওয়ামী লীগের কর্মীদের ওপর যুবলীগের হামলার ঘটনায় উপজেলা যুবলীগের তিন নেতাকে অব্যাহতি ও ছাত্রলীগের এক নেতার সদস্যপদ স্থগিত করা হয়েছে। দলের পক্ষ থেকে গত সোমবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে এ সিদ্ধান্ত জানানো হয়। এ ঘটনায় যুব ও ছাত্রলীগের ১৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রোববার আনোলিয়া গ্রামের আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবার রাতে উপজেলা যুবলীগের সভাপতি ও সম্পাদকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সহসম্পাদক মুর্শেদুর রহমান ও সহসম্পাদক মো. শাহীনকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমরা তাঁদের অব্যাহতি দিয়েছি। আশা করছি জেলা কমিটি শিগগিরই তাঁদের বহিষ্কার করবে। তাঁরা আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।’

গণমাধ্যমে অপর এক বিজ্ঞপ্তি পাঠিয়েছে উপজেলা ছাত্রলীগ। বিজ্ঞপ্তিতে সংগঠনের পদবির অপব্যবহার ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বনি আহমেদের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্তের কথা জানানো হয়।

সিংড়া থানা সূত্রে জানা যায়, আনোলিয়া গ্রামের আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলার ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার মামলার আসামি বাঁধন আলীকে (২১) পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এদিকে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদের নির্দেশে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক রুহুল আমীনের সমন্বয়ে একটি প্রতিনিধিদল গত সোমবার সকালে আনোলিয়া গ্রামে যায়। সেখানে তাঁরা গ্রামবাসীর কাছে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। আহতদের চিকিৎসার খরচ বহনের প্রতিশ্রুতি দেন।