যে কারণে বাদ পড়লেন মহিউদ্দিন চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা আ জ ম নাছির উদ্দিনের পক্ষে কাজ করার ঘোষণা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর।ছবি: সংগৃহীত
চট্টগ্রামে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা আ জ ম নাছির উদ্দিনের পক্ষে কাজ করার ঘোষণা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর।ছবি: সংগৃহীত

গোপন জরিপে নেতিবাচক ফল ও শারীরিক অবস্থার কারণে মনোনয়ন পাননি চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। কেন্দ্রীয় ও চট্টগ্রাম আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য মিলেছে।
আ জ ম নাছিরের মেয়র প্রার্থী হওয়া বিষয়ে ঢাকা থেকে ফিরে আজ শনিবার চট্টগ্রাম নগরের চশমা হিলের বাসায় মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দল করতে গেলে দলের সিদ্ধান্ত অবশ্যই মানতে হবে। প্রার্থী হতে চেয়েছি, প্রত্যাহার করেছি। দলের পক্ষে তাঁকে (নাছির) সমর্থন দেওয়া হয়েছে। তাঁর পক্ষে মাঠে নেমে প্রচার-প্রচারণার কৌশল নির্ধারণ করব।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার দেওয়া তথ্যমতে, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী নির্ধারণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিন সিটি করপোরেশন এলাকায় জরিপ চালানো হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় চালানো জরিপে বেশির ভাগ নেতা-কর্মীই আ জ ম নাছিরকে মেয়র প্রার্থী করার পক্ষে মত দেন। এ ছাড়া সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার চালানো জরিপেও আ জ ম নাছিরকে মেয়র প্রার্থী করার পক্ষে মত আসে। 

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর দু জন সদস্য বলেন, মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামে আওয়ামী লীগকে আগলে রেখেছেন, এ কথা সত্য। কিন্তু তাঁর বয়স হয়েছে, শারীরিক অবস্থা আগের মতো নেই। কিডনির জটিলতাসহ নানা রোগে তিনি আক্রান্ত। তাই, ভবিষ্যতের কথা চিন্তা করে আ জ ম নাছিরকে চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র প্রার্থী করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র প্রার্থী নির্ধারণ করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও চট্টগ্রামের জ্যেষ্ঠ নেতাদের গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, ওই বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসানের সঙ্গে একান্তে কথা বলেন। এ বিষয়ে মহিবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী বাবার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাঁর শরীর ভালো নয়, সেটা প্রধানমন্ত্রীকে বলেছি।’
চট্টগ্রাম আওয়ামী লীগের স্থানীয় দুজন নেতা জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ায় নিয়মিত ঢাকায় আসেন নাছির। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর এটা আরও বৃদ্ধি পায়। এ ছাড়া আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ আ জ ম নাছিরের অত্যন্ত ঘনিষ্ঠ। ছাত্রজীবনে বহু সমস্যায় নাছিরের সহযোগিতা নিতেন। হাছান মাহমুদও আ জ ম নাছিরের পক্ষে কেন্দ্রীয় নেতাদের বুঝিয়েছেন। ফলে সবকিছু ছিল নাছিরের পক্ষে।
অন্যদিকে মহিউদ্দিন চৌধুরী কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তেমন যোগাযোগ রাখেন না, তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁর সখ্য বেশি। মহিউদ্দিন চৌধুরীকে কেন বাদ দেওয়া হলো-জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন বলেন, ‘ওনাকে বাদ দেওয়া হয়নি, উনি নিজেই শারীরিক অবস্থার কারণে প্রার্থী হতে চাননি। প্রধানমন্ত্রীসহ আমাদের সবার সামনে আন্তরিকভাবেই বলেছেন।’ কিন্তু মহিউদ্দিন চৌধুরী তো নিজেকে এক সপ্তাহ আগে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিলেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হয়তো মনের জোরে বলেছিলেন। কিন্তু পরিবারের চাপে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।’
জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মহিউদ্দিন চৌধুরীকে বাদ দেওয়া হয়নি, সমঝোতার মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। একজন উদীয়মান রাজনীতিবিদকে সুযোগ দেওয়া হয়েছে।’