যেকোনো মূল্যে ক্ষমতায় থাকতেই এমন চিঠি: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়া ও তারেক রহমানের লন্ডনে অবস্থানের বিষয়ে ব্রিটিশ এমপিদের সতর্ক করে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার দেওয়া চিঠির তীব্র সমালোচনা করেছে বিএনপি। আওয়ামী লীগ যেকোনো মূল্যে ক্ষমতা ধরে রাখার জন্যই এমন চিঠি দিয়েছে বলে মত দলটির।

যুক্তরাজ্য আওয়ামী লীগের দেওয়া চিঠির প্রতিক্রিয়ায় যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, যেকোনো মূল্যে ক্ষমতা ধরে রাখার বেপরোয়া মনোভাব থেকে আওয়ামী লীগ এমন চিঠি দিয়েছে। তারা জানে এবার বিনা ভোটে ক্ষমতায় থাকা সম্ভব নয়। সে কারণে আওয়ামী লীগের নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যাচার করে যাচ্ছে। আওয়ামী লীগ কীভাবে ক্ষমতায় আছে, সেটি ব্রিটিশ সরকার বেশ ভালো করেই জানে। কাজেই বিএনপি সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে কোনো লাভ হবে না।

মাহিদুর রহমান বলেন, বিএনপি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নয়। বিএনপি নেতাদের নামে যেসব মামলা হয়েছে, সেগুলো সাজানো এবং আওয়ামী লীগের ক্ষমতার জোরে করা। বিদেশি সাংসদদের কাছে আওয়ামী লীগের এমন মিথ্যাচার দেশ ও জাতির জন্য লজ্জার। এমন আচরণ গণতান্ত্রিক রাজনীতির জন্য সহায়ক নয়।

গত বুধবার ব্রিটিশ পার্লামেন্টের ৬৫০ জন এমপির কাছে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা একটি চিঠি পাঠান। তাতে বিএনপি সংঘাত ও সন্ত্রাসে জড়িত অভিযোগ করে খালেদা জিয়া এবং তারেক রহমানের লন্ডনে অবস্থানের বিষয়ে ব্রিটিশ এমপিদের সতর্ক করে দেওয়া হয়। সেই সঙ্গে সন্ত্রাসের পথ পরিহার করে খালেদা জিয়াকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে এবং তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে সহায়তা চাওয়া হয়েছে।