যে যাঁর মতো কুষ্টিয়া আ.লীগ
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের দলীয় শৃঙ্খলা ভেঙে পড়েছে। দলের নেতা-কর্মীরা বিভিন্ন পক্ষে ভাগ হয়ে দলীয় কর্মসূচি পালন করছেন। এতে কর্মীরাও ছন্নছাড়া হয়ে পড়ছেন। ১০ বছর ধরে সম্মেলন না হওয়া এবং গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন নেতা-কর্মীরা। এ অবস্থায় আওয়ামী লীগের তুলনায় দলের সহযোগী সংগঠনগুলো মাঠে সক্রিয় অবস্থানে রয়েছে।
দলের নেতা-কর্মীরা জানান, ২০০৪ সালের ১৫ এপ্রিল সর্বশেষ সম্মেলন হয়। তিন বছর পর পর কমিটি গঠনের কথা থাকলেও ১০ বছরেও নতুন কমিটি হয়নি। দেড় বছর আগে সভাপতি রশীদুজ্জামান দুদু মারা যান। সহসভাপতি নয়জনের মধ্যে দুজন মারা গেছেন। দুজন অসুস্থ হয়ে বাড়িতে থাকেন।
বাকি পাঁচজনের মধ্যে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন সহসভাপতি রবিউল ইসলাম। আবু জাফর সিদ্দিক বিচারপতি হয়ে ঢাকায় থাকেন। মাহবুব উল আলম হানিফ দলের কেন্দ্রীয় পদে রয়েছেন। বায়েজীদ আক্কাচের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ কম। জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার আলী সম্পূর্ণ আলাদা কার্যালয় থেকে দলীয় কর্মসূচি পালন করেন।
সাধারণ সম্পাদক পদে রয়েছেন আসগর আলী। সাংগঠনিক সম্পাদক আমিনুল হক রতন পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করেন। অপর সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার আলীর সঙ্গে রাজনীতি করেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা বলেন, কুষ্টিয়া-৩ আসনের সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুষ্টিয়ার রাজনীতিতে ব্যাপক প্রভাব রয়েছে। দলের বেশির ভাগ নেতা তাঁর অনুগত। আওয়ামী লীগের থানা কমিটি গঠন থেকে শুরু করে সহযোগী সংগঠনের সব কমিটির নেতা নির্বাচনে হানিফের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলে মনে করেন তাঁরা।
হানিফের চাচাতো ভাই আতাউর রহমান জেলা ও সদর উপজেলার কোনো কমিটিতে পদ না পেলেও বর্তমানে রাজনীতির নিয়ন্ত্রক হয়ে উঠেছেন। দলের অনেক জ্যেষ্ঠ নেতাকেও তাঁর সঙ্গে রাজনীতি করতে হচ্ছে। এ নিয়েও দলের নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ রয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বিশ্বাস বলেন, রাজনীতি করা কঠিন হয়ে গেছে। অনেক কিছুই বলা যায় না। নীরবে সহ্য করতে হয়।
মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন বলেন, জেলা আওয়ামী লীগের কোনো সভায় কোরাম পূরণ হয় কি না, সন্দেহ। জেলা কমিটি অথর্ব ও অক্ষম হয়ে পড়েছে। এদের থেকে বেরিয়ে এসে নতুন কার্যকরী কমিটি গঠন করা জরুরি হয়ে পড়েছে।
সাংগঠনিক সম্পাদক আমিনুল হক রতন বলেন, সাংগঠনিক কার্যক্রম ঠিকমতো হচ্ছে না। দল কার্যত স্থবির হয়ে পড়েছে। নেতা-কর্মীদের চাঙা করতে ও দলে গতি আনতে নতুন কমিটির বিকল্প নেই।
জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ার আলী বলেন, ‘জেলার রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই। এখানে রাজনীতির চর্চা হচ্ছে না। রাজনীতি এখন টাকা রোজগারে ব্যস্ত।’
জেলার সাধারণ সম্পাদক আসগর আলী বলেন, যাঁরা কমিটিকে অথর্ব বলছেন, তাঁরা দলের ভালো চান না। প্রভাব বিস্তার করতে চান। দ্রুত সম্মেলন করে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।