স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যেকোনো ইস্যুতে অভিযোগ করা বিএনপির স্বভাব হয়ে গেছে। যেকোনো নির্বাচনের সময় তারা অভিযোগ করে। গতকাল শুক্রবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচন কমিশন আচরণবিধির বিষয়টি সতর্কভাবে দেখছে। আমাদের এমপি-মন্ত্রীরাও আচরণবিধি মেনে চলছে।’ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সম্পর্কে মন্ত্রী বলেন, অভিযুক্তদের প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনের পর ওয়ার্ড কমিটি বসবে। তখন অভিযোগ প্রমাণিত হলে তাঁদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনসাধারণের কল্যাণে কাজ করা। বর্তমান সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশের চাহিদার প্রয়োজনীয় ওষুধের ৯৮ শতাংশ দেশেই উৎপাদিত হচ্ছে।
উপাচার্য ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা-১৯ আসনের সাংসদ এনামুর রহমান, বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন আবদুল জব্বার হাওলাদার, ফার্মাসি বিভাগের সভাপতি সুকল্যাণ কুমার কুণ্ডু, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ইউনাইটেড অ্যান্ড ইউনিহেলথ ম্যানুফ্যাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক হোসাইন, বেকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মো. এবাদুল করিম প্রমুখ।