যেখানে বিদ্রোহী, সেখানে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন যত এগিয়ে আসছে, সহিংসতার মাত্রা ক্রমে বাড়ছে। যেসব ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন, সেসব স্থানে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটছে বেশি। কিছু কিছু সহিংসতার ঘটনা ঘটছে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে।
অভিযোগ উঠেছে, সহিংসতার বেশির ভাগ ঘটনায় পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। অনেক ক্ষেত্রে তাদের ভূমিকা হচ্ছে পক্ষপাতমূলক। নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) অধীনে থাকলেও কমিশন এখনো এমন ঘটনায় পুলিশের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি। তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত নির্বাচনকেন্দ্রিক সংঘর্ষে সাতজন নিহত ও দেড় হাজারের বেশি আহত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ মন্তব্য করেননি। তবে কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম বলেন, নির্দিষ্ট কয়েকটি এলাকায় সংঘর্ষ হচ্ছে। বিষয়টি নিয়ে কমিশনে আলোচনা হয়েছে। সে জন্য কমিশন এসব এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের সমন্বয়ে গড়া আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে।
তফসিল অনুযায়ী, ২২ মার্চ প্রথম ধাপে ৭৩২টি এবং ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৪৭টি ইউপিতে ভোট গ্রহণ করা হবে। আওয়ামী লীগের সূত্র বলেছে, এই দুই ধাপে তাদের নয় শতাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ কর্মকর্তারা বলেছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) সরকারি দল ও সাংসদের বিপক্ষে যেতে চান না। ক্ষেত্রবিশেষে নির্বাচন কমিশনের নির্দেশও অমান্য করা হয়। ৩ মার্চ ইউপি নির্বাচনের আইনশৃঙ্খলাবিষয়ক সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সহিংসতা ও নাশকতার দায় সংশ্লিষ্ট থানার ওসিদের বহন করতে হবে বলে সতর্ক করলেও বাস্তবে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে পুলিশ বলছে, তারা সুস্পষ্ট অভিযোগ না পাওয়ায় সহিংসতার ঘটনায় ব্যবস্থা নিতে পারছে না।
জানতে চাইলে স্থানীয় সরকার নির্বাচন বিশ্লেষক তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, যেখানে বিদ্রোহী প্রার্থী আছে, সেখানে সংঘর্ষ হবে। যেখানে শক্তিশালী প্রতিপক্ষ থাকবে না, সেখানে সংঘর্ষ হবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ থাকলে সংঘর্ষ কম হবে। কিন্তু সমস্যা হচ্ছে, তারা বিশেষ পক্ষের হয়ে কাজ করে।
সংঘর্ষ আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে: এখন পর্যন্ত নির্বাচনকেন্দ্রিক বেশির ভাগ সংঘর্ষ, সহিংসতা হয়েছে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের। সরকারি দলের প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিএনপির প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা অনেক কম।
জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সূত্র বলেছে, স্থানীয় সাংসদ-সমর্থিত প্রার্থীর সমর্থকদের ওপর হামলা হলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে। সাংসদের সমর্থন থাকা বিদ্রোহী প্রার্থীও পুলিশের আনুকূল্য পাচ্ছেন। অন্যদিকে সাংসদের সমর্থক প্রার্থীর লোকজন অন্য প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা করলে সে ঘটনায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে না।
৯ মার্চ পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর এক কর্মী নিহত হন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। ২২ ফেব্রুয়ারি বরগুনার আমতলীর হলদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক বশির সিকদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে রাতে তিনি মারা যান। গ্রেপ্তার-আতঙ্কে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের অনেকে এখন এলাকাছাড়া।
গত মঙ্গলবার বরিশালের মেহেন্দীগঞ্জের ভাষানচর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ প্রার্থীর এক সমর্থক নিহত হন। আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগ, পুলিশ হামলাকারীদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে। বুধবার আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নে আওয়ামী লীগের ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কয়েকজন আহত হন। ভোলার লালমোহন উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা মঙ্গলবার বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়, বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করেন। লালমোহন থানার ওসি আক্তারুজ্জামান বলেন, বিদ্রোহী প্রার্থীর কাছ থেকে তিনি এ বিষয়ে লিখিত অভিযোগ পাননি।
বুধবার কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে দুই দফা পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। ওই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মঙ্গলবার রাতে শেরপুরের নালিতাবাড়ীর বাঘবেড় ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীর পথসভায় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের হামলায় বিদ্রোহী প্রার্থীসহ অন্তত ১০ জন আহত হন।
মাঠপর্যায়ের সূত্র বলেছে, গত কয়েক দিনে নেত্রকোনার খালিয়াজুরীর সদর ইউনিয়ন, সাতক্ষীরার দেবহাটার কুলিয়া, লালমনিরহাটের হাতীবান্ধার সানিয়াজান এবং শেরপুরের নকলার উরফাসহ আরও অনেক জায়গায় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কয়েক শ লোক আহত হন।
আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ: কিছু কিছু এলাকায় আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থকদের সঙ্গে বিএনপির প্রার্থীর সমর্থকদের সংঘর্ষও হচ্ছে। বিএনপির অভিযোগ, সরকারি দলের কর্মী-সমর্থকেরা আক্রান্ত হলে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। কিন্তু বিএনপির কর্মী-সমর্থকেরা আক্রান্ত হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গ্রেপ্তারের ভয়ে বিএনপির নেতা-কর্মীরা থানায় গিয়ে অভিযোগ করছেন না।
১৫ মার্চ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিএনপির প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগের প্রার্থীর ভাগনে নিহত হন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করে। ৮ মার্চ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় শেখ মাটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় বিএনপি প্রার্থীর এক সমর্থক নিহত হন। এ ঘটনায় থানায় মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। সাতক্ষীরার শ্যামনগরে ঈশ্বরীপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা মঙ্গলবার রাতে বিএনপির প্রার্থীর সমর্থকদের পাঁচটি বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করেন। শ্যামনগর থানার ওসি বলেছেন, লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া নির্বাচনকেন্দ্রিক সংঘর্ষে ১৩ মার্চ কিশোরগঞ্জের বেরুয়াইল গ্রামে একজন এবং ১০ মার্চ ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে একজন নিহত হন।