যেখানেই জঙ্গি সেখানেই প্রতিরোধ: ছাত্রলীগ সভাপতি

দেশের যেখানেই জঙ্গি, সেখানেই গণপ্রতিরোধ গড়ে তুলতে সংগঠনের নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। তিনি বলেছেন, জঙ্গিরা দেশ ও জনগণের শত্রু। জঙ্গি দমনে জনগণকে সঙ্গে নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আজ শনিবার দুপুরে ছাত্রলীগের প্রতিনিধি সভায় সাইফুর রহমান এসব কথা বলেন। ২১ মার্চ মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে জেলার আসাদুজ্জামান মিলনায়তনে জেলা ছাত্রলীগ এ সভার আয়োজন করে।
সাইফুর রহমান বলেন, বঙ্গবন্ধু-কন্যার নেতৃত্বে সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কাজ করছে। এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও জঙ্গি দমনে আন্তরিকভাবেই কাজ করছে। কিন্তু জঙ্গিরা দেশকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না। জঙ্গি দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ছাত্রলীগ সহায়তা করতে সর্বদা প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।
মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসানের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি তোফাজ্জেল হক, এম আমিনুল ইসলাম, আবু হুসাইন; সাংগঠনিক সম্পাদক শওকতুজ্জামান প্রমুখ। পরে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে একটি প্রচার মিছিল বের করা হয়।