যেন আদালত বিএনপিকে ক্ষমতায় বসাবে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর বিএনপির নেতারা ‘জগাই-মাধাই’-এর মতো নৃত্য করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তাঁদের বক্তব্যে মনে হয় যেন আদালত বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে।

গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় শোক দিবস উপল‌ক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত এক সমাবেশে মন্ত্রী এসব কথা বলেন। সমাবেশের একপর্যায়ে দাঁড়ানোকে কেন্দ্র করে ছাত্রলীগের ক্যান্টনমেন্ট থানা ও রমনা থানা শাখার নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হন। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ সম্পর্কে ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সৈয়দ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কোনো হাতাহাতির বিষয়ে আমি জানি না। বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘সুপ্রিম কোর্টের রায়ে মওদুদ আহমদের আনন্দে আমরা খুব একটা বিচলিত হইনি। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি এত লাফালাফি করছেন কেন? আট বছরে আট মিনিটের জন্য আন্দোলন করতে পারেননি। জনগণ আপনাদের সঙ্গে ছিল না। আজকে কোর্ট একটা রায় দিয়েছে, মনে হচ্ছে জগাই-মাধাই নৃত্য করছে।’

ওবায়দুল কাদের বলেন, এত দিন আন্দোলনের ডাক দিয়ে টিভি সিরিয়াল দেখে যাদের সময় কাটত, তারা এখন ঘর থেকে বেরিয়ে আসার জন্য আনন্দে মাতোয়ারা। যেন আদালত তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। যেমন এত দিন বিদেশিদের কাছে নালিশ করেছে যেন বিদেশিরা বসিয়ে দেবে।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ বক্তব্য দেন।