যেন গোরস্তানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জে হিন্দু মঠের অধ্যক্ষ যোগেশ্বর রায়কে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও ধিক্কার জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এর আগে বিভিন্ন বিদেশি নাগরিক, ব্লগার, প্রকাশক হত্যার কথা উল্লেখ করে বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আমরা যেন জাতির গোরস্তানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই চূড়ান্ত দুঃসময়ে জনমনে একটা প্রশ্ন জেগে উঠছে, সরকার কী করছে?’
যোগেশ্বর রায়কে হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বিএনপির চেয়ারপারসন এসব কথা বলেন। তিনি বলেন, ‘ধর্মগুরুকে ধারালো চাপাতি দিয়ে হত্যা এবং অন্য পূজারিদের মরাত্মক জখমের আতঙ্ক-সঞ্চারী ঘটনা অশুভ আগামীর ইঙ্গিত বহন করে।’
খালেদা জিয়া বলেন, ‘সাম্প্রতিক সময়ে ইতালির নাগরিক তাবেলা হত্যাকাণ্ড থেকে শুরু হয়েছে এই নিষ্ঠুরতম বর্বর পরিকল্পনার যাত্রা। গত পরশু পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জে গিয়ে পৌঁছেছে। আর এসব বর্বর পরিকল্পনার শিকার হয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন অনেকগুলো মানবসন্তান। এঁদের মধ্যে যেমন বিদেশি নাগরিক আছেন, তেমনি আছেন দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এবং ধর্মাচার্য, ব্লগার, প্রকাশকসহ বেশ কিছু লোক। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, যেন জাতির গোরস্তানের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি।’
খালেদা জিয়া বলেন, কয়েক মাস ধরে একের পর এক হত্যার বিষয়ে সরকার নির্বিকার। প্রাণবিনাশী আক্রমণ প্রতিহত করে প্রকৃত দুষ্কৃতকারীদের ধরা তো দূরে, উল্টো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর দোষ চাপিয়ে নেতা-কর্মীদের মামলায় জড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, বিএনপি সরকারের আমলেই জঙ্গি নির্মূলে কার্যকর ব্যবস্থা এবং দ্রুত জঙ্গিদের ধরে শাস্তির ব্যবস্থা করা হয়।
খালেদা জিয়া বলেন, ‘এখন জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী একটি সংস্থা দেশে সাম্প্রতিক নৃশংস ঘটনাগুলোকে একটি জঙ্গি সংগঠনের দায় স্বীকারের বার্তার বিষয়ে বারবার উল্লেখ করলেও সরকার সেটিকে পাত্তা দেয়নি। সরকার এখন দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বারবার বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এটি মিথ্যাবাদী রাখালের চিত্কারের চারিত্রলক্ষণ। সত্যি সত্যি হিংস্র নেকড়ে এসে পড়েছে কি না, তা নিয়ে জনগণের মধ্যে গভীর আশঙ্কা তৈরি হয়েছে।’