নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে যাব কি যাব না—এমন সিদ্ধান্তহীনতায় ভুগে পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশেষে সিদ্ধান্ত নিল, তারা বাংলাদেশে খেলতে আসবে না। পাকিস্তান কেন বাংলাদেশে আসবে না, এর কিছু কারণ খুঁজে পেয়েছেন রাফি আদনান
l ২০১৫ সালে বিসিবি পাকিস্তানকে নিজ খরচে বাংলাদেশে এনেছিল। পরপর দুবার কারও কাছে উপহার বা আপ্যায়ন চেয়ে নিতে যে কারোরই লজ্জা লাগে। নিজ উদ্যোগে উড়ে এসে খেলার মতো যথেষ্ট সামর্থ্য না থাকায় পাকিস্তান বাংলাদেশে এসে খেলতে নারাজ।
l বাংলাওয়াশ ব্যাপারটা আমাদের কাছে যতটা মধুর, পাকিস্তানের কাছে ঠিক ততটাই ভয়ংকর। এই শব্দের নাম শুনলেই পাকিস্তানিরা কেঁপে ওঠে। পুরোনো স্মৃতিচারণা করতেই ভয়ে আর আতঙ্কে বাংলাদেশে আসার তীব্র বিরোধিতা করেছে পিসিবি।
l অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে, পাকিস্তানিরা ক্রিকেটে যেভাবে ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং করে, একইভাবে ফিক্সিংও করে। আকাশ-বাতাস তন্নতন্ন করে খুঁজেও বাংলাদেশের এই দলে ফিক্সিং করার মতো কাউকে খুঁজে না পেলে পাকিস্তান এখানে এসে কী করবে? ‘শুধু বোলিং-ব্যাটিং নয়, সঙ্গে ফিক্সিংও চাই! নইলে আসব না’—এমনটাই হয়তো দাবি জানাচ্ছে তারা।
l পাকিস্তান জাতিগতভাবেই সিদ্ধান্তহীনতায় ভোগে, যার যথোপযুক্ত প্রমাণ আলিম দারের আম্পায়ারিংয়েই। আলিম দার যেভাবে একই বলে একবার আউট দেন, আবার নট আউট বলে চালিয়ে দেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডও সেভাবেই যাব কি যাব না, এমন সিদ্ধান্তহীনতায় ভুগে শেষে না যাওয়ার সিদ্ধান্তেই উপনীত হয়েছে।
l মিরপুরসহ বাংলাদেশের যেকোনো স্টেডিয়ামে পাকিস্তান খেলতে এলেই দর্শকদের উত্তেজনা অনেক বেশি থাকে। বাংলাদেশে শেষ সফরের পর পাকিস্তানি খেলোয়াড়েরা অভিযোগ জানিয়েছেন, ‘এত চিল্লাইলে খেলুম কী?’ তাই দর্শকদের উত্তেজনার আতঙ্কে খেলতে অসুবিধা হওয়ায় পাকিস্তান দল বাংলাদেশে আসতে আপত্তি জানিয়েছে।
l শুধু সর্বশেষ টি-টোয়েন্টিতেই মোস্তাফিজের কাটার দেখার দুর্ভাগ্য হয়েছিল তাদের। হোটেলে ফিরেই সবার মুখে এক কথা, ‘এই যাত্রায় বেঁচে গেছি। আর আসব না।’ এখন বাংলাদেশে গেলে ওয়ানডে, টেস্ট বা টি-টোয়েন্টি—তিন ধরনের ক্রিকেটেই কাটারের সামনে দাঁড়াতে হবে—এমনটা ভেবেই ভয় আর আতঙ্ক মিলেমিশে একাকার হয়ে গেছে পাকিস্তানি ক্রিকেটারদের মনে।
l শহীদ আফ্রিদির খুব অভিমান, বাংলাদেশের স্টেডিয়ামে এখন কেউ ‘ম্যারি মি আফ্রিদি বা বুম বুম আফ্রিদি’ প্ল্যাকার্ড নিয়ে যায় না। যে দেশের মানুষ এত নিষ্ঠুর, সে দেশে খেলতে আসবে কেন?
l যেখানে বাঘের ভয় সেখানে যেন সন্ধ্যা না হয়। বাঘের দেশে এসে কোনোভাবেই আর রাত কাটানো যাবে না।
l পরপর দুবার বাংলাদেশে এসে হোয়াইটওয়াশ বা বাংলাওয়াশ হতে শুধু পাকিস্তানেরই না, কোনো দেশেরই ইচ্ছা করবে না। সমূহ বিপদের আশঙ্কায় পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, হোয়াইটওয়াশ হওয়ার চেয়ে বাংলাদেশে না যাওয়াই উত্তম।
l শ্রীলঙ্কা সফর শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বেশ মজা করে একগাল হেসে বলেছেন, ‘ওয়ানডেতে মজা হবে।’ পাকিস্তান সেই সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখেই ভয়ে কুপোকাত! তারা এমন মজা চায় না। তারা জানে, আমাদের মজা, ওদের দুঃখের বোঝা।