যোগ্য ইসি দেখতে চায় ইইউ: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে একটি নিরপেক্ষ, যোগ্য নির্বাচন কমিশন (ইসি) দেখতে চায়। যাতে ওই কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনা করতে পারে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট কমিটির প্রতিনিধিদল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানে তাঁর কার্যালয়ে বৈঠক করে। বৈঠক শেষে মির্জা ফখরুল এ কথা বলেন। তবে ইইউর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়ে কিছু জানানো হয়নি।
বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের এখানে আসার মূল উদ্দেশ্য বাণিজ্যসংক্রান্ত। তারপরও তারা বলেছে, শুধু বাণিজ্য নিয়ে আলোচনায় ফলপ্রসূ হয় না। যেহেতু ইউরোপীয় ইউনিয়ন গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের সঙ্গে যারা ব্যবসা করবে, তাদের সেখানে যাতে গণতন্ত্রের চর্চা হয়, মৌলিক অধিকার যেন রক্ষা করা হয়; বিশেষ করে নির্বাচনপ্রক্রিয়া যেন সুষ্ঠু এবং সব দলের অংশগ্রহণে মাধ্যমে নির্বাচন হয়, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠিত হয়, সেটি তারা চায়।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন নিয়ে কথা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন একটি নিরপেক্ষ, যোগ্য নির্বাচন কমিশন দেখতে চায়। যাতে ওই কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনা করতে পারে।
বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।