নবীন-প্রবীণ সব নেতা-কর্মীকে নিয়ে সরকারবিরোধী আন্দোলন এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন চট্টগ্রাম নগর বিএনপির নতুন সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম ওরফে বক্কর। যোগ্য নেতাদের নিয়ে চট্টগ্রাম নগর কমিটি গঠন করারও আশ্বাস দেন এই দুই নেতা।
গতকাল সোমবার বিকেলে নাসিমন ভবন দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে তাঁরা এই অঙ্গীকার করেন। নগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
শাহাদাত হোসেন বলেন, ‘দেশে গণতন্ত্র, আইনের শাসন না থাকায় জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মাথাছাড়া দিয়েছে। আমাদের নেত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। কিন্তু সরকার এসব ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে আদালতের মাধ্যমে সাজার নাটক সাজিয়েছে। এটা রাজনৈতিক বিচার।’ নবীন-প্রবীণ সবার সহযোগিতায় সরকার পতনের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
আবুল হাসেম বলেন, কঠিন সময়ে দল তাঁদের দায়িত্ব দিয়েছে। সব পর্যায়ের নেতা-কর্মীকে নিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
তবে কেন্দ্র থেকে ঘোষণা করা চট্টগ্রাম নগর বিএনপির তিন সদস্যের কমিটির সহসভাপতি আবু সুফিয়ান গতকালের সমাবেশে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রাম করে আসছি। অনেকে অনেক জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসেছেন। ডবল ট্রিপল পদোন্নতি নিয়ে বড় বড় পদে চলে গেছেন। আমাকে আবারও একই পদে রাখা হয়েছে। আমার সঠিক মূল্যায়ন হয়নি। সমাবেশের কথা বলা হয়েছিল আমাকে। কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী নেতা-কর্মীরা আমাকে সমাবেশে যেতে দেয়নি। তাই আমি যাইনি।’